বিশ্বজুড়ে যখন করোনা মহামারির সঙ্গে লড়াই চলছে, তার মধ্যেই প্রকাশ্যে এলো চীনের বিরুদ্ধে বিতর্কিত ম্যাপ প্রকাশের অভিযোগ।
অরুণাচল প্রদেশের সীমান্ত নিয়ে চীনের সঙ্গে ভারতের দ্বন্দ্ব দীর্ঘদিন ধরেই। এই রাজ্যের কিছু অংশ চীন নিজেদের বলে দাবি করে থাকে। নতুন ম্যাপে অরুণাচলের বেশ কিছু অংশ নিজেদের মতো করে ম্যাপে যোগ করে নিয়েছে চীন। এমনই তথ্য জানানো হয়েছে ভারতের স্থানীয় সংবাদমাধ্যমগুলোতে।
জানা যায়, ‘স্কাই ম্যাপ’ নামে এক সংস্থা নতুন এই আপডেটের ম্যাপ তৈরি করেছে। বেইজিংয়ের ন্যাশনাল সার্ভেয়িং অ্যান্ড ম্যাপিং জিওগ্রাফিক ইনফরমেশন ব্যুরোর তত্ত্বাবধানে এই ম্যাপ তৈরি হয়। সম্প্রতি দেখা গেছে, সেই স্কাই ম্যাপেই চীনের নতুন ম্যাপ। তাতে রয়েছে নতুন ইন্টারন্যাশাল বর্ডার। আর সেখানে চীনের সীমান্তের মধ্যে রয়েছে অরুণাচল প্রদেশ।
ব্রিটিশ ভারতের অংশ ছিল অরুণাচল প্রদেশ। পরে ম্যাকমোহন লাইন তৈরি হওয়ার পর থেকে অরুণাচল আনুষ্ঠানিকভাবে ভারতের অংশ হিসেবে পরিচিত হয়। ভারত ও তিব্বতের মাঝে ওই লাইন তৈরি করা হয়। এতদিন পর্যন্ত ১৯৮৯ সালে তৈরি করা ম্যাপই প্রকাশ করে আসছিল ‘স্কাই ম্যাপ।’ এরপর থেকে চীনের সঙ্গে রাশিয়ার সীমান্ত সমস্যাও সমাধান হয়েছে। কিন্তু, সেসব আপডেট করা হয়নি ম্যাপে।
সংবাদমাধ্যম ডয়চে ভেলের নিউজের রিপোর্ট অনযায়ী, সম্প্রতি বেশ কয়েকজন স্কাই ম্যাপে পরিবর্তন দেখতে পান। বিশেষত ভুটান ও ভারতের মধ্যেকার সীমান্ত রেখা লাল দাগ দিয়ে দেখানো হয়েছে।
বার্তাবাজার/কে.জে.পি