রাজধানী থেকে ৯শ করোনা টেস্টিং কিট জব্দ করল র‌্যাব

অনুমোদন ছাড়া করোনাভাইরাস পরীক্ষার কিট আমদানি করে মজুত রাখায় দুজনকে আটক করেছে র‌্যাব। এ সময় করোনাভাইরাস পরীক্ষার ৯শ কিট জব্দ করা হয়। মঙ্গলবার (২১ এপ্রিল) নিকুঞ্জের ২০ নম্বর রোডের ১০ নম্বর বাড়িতে রাজধানীর নিকুঞ্জে এ অভিযান চালায় র‌্যাব।

আটকের পর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটককৃতদের এক বছর ৯ মাস করে দণ্ড ও তিন লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও তিন মাসের দণ্ড দেয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র‌্যাব-৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু।

র‌্যাব-৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু জানান, মঙ্গলবার সকালে ওষুধ প্রশাসন অধিদফতরের অনুমতি ছাড়া করোনাভাইরাসের টেস্টিং কিট ক্রয়-বিক্রয়ের দায়ে রাজধানীর রাজারবাগ এলাকার শহীদবাগে অভিযান চালিয়ে ৩০০ কিট জব্দ ও তিনজনকে এক বছর ৯ মাস করে কারাদণ্ড দেয়া হয়। তাদের দেয়া তথ্যে নিকুঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

তিনি আরও জানান, নিকুঞ্জের এ বাসায় ৯শ করোনার টেস্টিং কিট, পিপিই, হ্যান্ড গ্লাভস, মাস্কসহ চিকিৎসা সরঞ্জাম মজুত পাওয়া যায়। অথচ সরকারের বাইরে টেস্টিং কিট কারো আমদানির, মজুত ও বিক্রির সুযোগ নেই। এ কারণে দুজনকে দণ্ড ও অর্থদণ্ড করা হয়েছে। কিটসহ চিকিৎসা সরঞ্জামগুলো জব্দ করা হয়েছে।

বার্তা বাজার/ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর