ছদ্মবেশে ডাকাতি: বেতাগী ওসির বিশেষ বার্তা

ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) পরে বাসায় আসতে পারে কয়েকজন যুবক। নিজেদেরকে সেনাবাহিনী, পুলিশ সদস্য কিংবা স্বাস্থ্যকর্মী পরিচয় দিয়ে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর খোঁজে অথবা সনাক্তের কথা বলে তারা চেষ্টা করবে বাসার ভেতর ঢুকতে। এরপর বাসার লোকজনকে জিম্মি করে লুটে নিতে পারে মূল্যবান জিনিসপত্র।

করোনা মোকাবেলায় পুলিশসহ প্রশাসন যখন ব্যাস্ত তখন এই সুযোগে দেশের কয়েক জায়গায় এমন ডাকাতির খবর উঠে এসেছে গনমাধ্যমে। তাই ছদ্মবেশী এমন অপরাধী চক্রের ব্যাপারে বেতাগী বাসীকে আগাম সতর্ক করেছে বেতাগী থানা পুলিশ । সাম্প্রতি ফেসবুকে ওসি বেতাগী থানা নামে অফিসার ইনচার্জের আইডি থেকে এমন এক সতর্ক বার্তা পোস্ট করা হয়।

জানা যায়, করোনা পরিস্থিতিতে সেনাবাহিনী, পুলিশ, স্বাস্থ্যকর্মী বা অন্য কোন পরিচয়ে রাতের বেলা করোনার রোগীর খোঁজ নিতে আসতে পারে দুর্বৃত্তরা। তখন কেউ দরজা খুলতে বললে দরজা না খুলে বাড়িতে আসা আগন্তকের ব্যপারে সন্দেহ হলে থানায় খবর দেওয়ার পরামর্শ দিয়েছেন অফিসার ইনচার্জ (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু।

নবাগত ওসির এমন দায়িত্বশীল আচরণে ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ প্রশংসিত হয়েছেন তিনি। অনেকেই মনে করছেন ওসির এ বিশেষ বার্তায় মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি হবে।

এ বিষয়ে বেতাগী থানার অফিসার ইনচার্জ কাজী সাখাওয়াত হোসেন তপু বার্তা বাজার’কে বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে এখন মানুষ ঘরবন্দি। এ অবস্থায় অপরাধীরা তাদের কৌশল পরিবর্তন করতে পারে। করোনা রোগীর তথ্য সংগ্রহ ও জরুরি সেবার নামে দুর্বৃত্তরা সেনাবাহিনী, পুলিশ, স্বাস্থ্যকর্মী বা অন্য কোন পরিচয়ে ছদ্মবেশে বাসা-বাড়িতে ঢুকে যাতে চুরি, ডাকাতি ও লুটপাট চালাতে না পারে এজন্য বেতাগী বাসীকে আগাম সতর্ক করা হয়েছে।

তিনি আরও বলেন, কোনো অবস্থাতেই আগন্তুকের পরিচয় নিশ্চিত না হয়ে অথবা তার বা তাদের কাজ সম্পর্কে না জেনে তাদের ঘরে ঢুকতে দেওয়া যাবে না। এ নিয়ে কোনো সন্দেহ হলে সরাসরি থানায় অফিসার ইনচার্জের মোবাইল নম্বরে ০১৭১৩৩৭৪৩৫৬ অথবা ৯৯৯–এ ফোন করে অবহিত করার অনুরোধ জানান তিনি।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর