শেখ হাসিনার আমলে একজন মানুষও না খেয়ে থাকবে না : নাসিম

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার আমলে একজন মানুষও না খেয়ে থাকবে না।

মঙ্গলবার (২১ এপ্রিল) বিকালে সিরাজগঞ্জের কাজিপুরের সোনামুখী বাজারে অসহায় মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণকালে ঢাকা থেকে এক ভিডিও বার্তায় তিনি এ মন্তব্য করেন।

ভিডিও বার্তায় করোনাভাইরাস সংক্রমণে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় জনগণকে ঘরে থাকার আহ্বান জানিয়ে নাসিম বলেন, মানুষ করোনাভাইরাস সংক্রমণে গৃহবন্দি জীবনযাপন করছে। দেশে একটি সংকটকাল অতিবাহিত হচ্ছে। তবে আশার কথা হচ্ছে, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার অসহায় মানুষের ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছে।

এই আওয়ামী লীগ নেতা বলেন, বাঙালি বীরের জাতি, এই জাতি বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে একাত্তরে যুদ্ধ করে দেশের স্বাধীনতা ছিনিয়ে এনেছে। করোনাভাইরাসের এই সংকটকালেও বীর বাঙালি বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দুঃসময়ের মহাসাগর পাড়ি দেবে।

ভিডিও বার্তায় তিনি নেতাকর্মী এবং প্রশাসনের কর্তব্যক্তিদের উদ্দেশে হুশিয়ারি উচ্চারণ করে বলেন, এই দুঃসময়ে কোনোভাবেই যেন গরীবের খাদ্যসামগ্রী আত্মসাতের ঘটনা না ঘটে।

বার্তা বাজার/ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর