জেদ্দায় বাংলাদেশি কর্মকর্তার স্ত্রী-সন্তানরাও করোনায় আক্রান্ত

সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ মিশনের কাউন্সিলরের (লেবার) স্ত্রী সন্তান প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। স্থানীয় একটি হাসপাতালে তাদের চিকিৎসা চলছে। এর আগে ওই কাউন্সিলরও করোনায় আক্রান্ত হয়েছিলেন।

সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন।

ওিই কাউন্সিলরের শারীরিক অবস্থা জানিয়ে রাষ্ট্রদূত মসীহ বলেন, তার বেশ জ্বর ছিল। সেটা কমেছে। তিনি কিছুটা ভালো আছেন।

রাষ্ট্রদূত আরও বলেন, কাউন্সিলরের করোনা পজিটিভ শনাক্ত হওয়ার পরে তার স্ত্রী সন্তানদের আলাদা করে রেখে করোনা পরীক্ষা করা হয়। তাদেরও কোভিড-১৯ পজিটিভ এসেছে। কারও অবস্থাই গুরুতর নয়। সবারই চিকিৎসা চলছে।

এর আগে, গত ১৮ এপ্রিল পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাংলাদেশ মিশন জেদ্দায় কর্মরত ওই কাউন্সিলরের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার তথ্য জানানো হয়।

জানা যায়, ২০ ব্যাচের প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা বাংলাদেশি ৪ হাজার শ্রমিককে করোনা পরীক্ষায় রাজি করাতে গত সপ্তাহে মদিনায় একটি ক্যাম্পে সৌদি প্রশাসনের সঙ্গে দায়িত্ব পালন করেন। এরপরেই তার দেহে করোনার লক্ষণ প্রকাশ পায়।

বার্তা বাজার/ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর