টাঙ্গাইলে ফাঁকা সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের সাথে ধাক্কা লেগে আরেক ট্রাক চালক মো.হোসেন আলী নিহত হয়েছে। এতে তিন জন আহত হয়েছে।মঙ্গলবার ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাসাইলের গুল্যা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ট্রাক চালক ঠাকুরগাঁও সদর উপজেলার বাসিন্দা। আহতরা হলেন- ট্রাকের হেলপার ঠাকুরগাঁও সদর উপজেলার নিশিন্তপুর গ্রামের নাঈম হোসেন, ট্রাক যাত্রী নওগাঁর ফারুক হোসেন ও জান্নাতুল। তাদেরকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সিনিয়র কর্মকর্তা সফিকুল ইসলাম জানান,ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গুল্যা নামক স্থানে একটি মালবাহী ট্রাক দাঁড়িয়ে ছিল। ঢাকা থেকে ছেড়ে আসা ঠাকুরগাঁওগামী মালবাহী অপর একটি ট্রাক ফাঁকা সড়কে দাঁড়িয়ে থাকা ওই ট্রাককে পেছন দিয়ে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ট্রাকচালক হোসেন আলীর মৃত্যু হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করে। নিহতের লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।
কেএ/বার্তাবাজার