ফরিদপুর শহরের আরোগ্য সদন প্রাইভেট হাসপাতালে গত রবিবার সকালে করোনা উপসর্গ নিয়ে এক নারী ভর্তি হন। পরে তার অবস্থা খারাপ হলে চিকিৎসকদের কথা মতো উন্নত চিকিৎসার জন্য ওই দিন বিকেলের দিকে তাকে দ্রুত ঢাকায় পাঠানো হয়।
সোমবার ঢাকায় চিকিৎসাকালীন অবস্থায় পরীক্ষার মাধ্যমে তার করোনা পজিটিভ পাওয়া যায়। সে বর্তমানে ঢাকার একটি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে। তিনি শহরের ১নং হাবেলী গোপালপুর এলাকার বাসিন্দা বলে জানা যায়।
তবে আরোগ্য সদন প্রাইভেট হাসপাতালে এ বিষয়ে জানতে টেলিফোনে যোগাযোগ করলে তারা বলেন আমাদের হাসপাতালে এই মূর্হুতে কেউ নেই। আমরা এই বিষয় সম্পর্কে কিছুই বলতে পারবো না।
এদিকে এ খবর মঙ্গলবার শহরে আসা মাত্র প্রশাসনের তরফ থেকে ওই রোগীকে চিকিৎসা দেয়া দুই চিকিৎসক ডাঃ কামাল উদ্দিন ও ডাঃ ওয়াহিদুজ্জামানকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
একই সাথে তাকে সেবা দেয়া তিন নার্স, তিন ওয়ার্ড বয়, একজন আয়া, একজন ক্লিনার এবং একজন অফিস সহকারীসহ মোট ১১জনকে হোম কোয়ারান্টাইন করা হয়। এদের মধ্যে চিকিৎসকদের বাড়িতে হোম কোয়ারেন্টাইন করা হলেও বাকিদের আরোগ্য সদনের ১০ম তলায় হোম কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
এ ব্যাপারে ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান জানান, আমরা বিষয়টি জানার সাথে সাথে তাকে চিকিৎসা দেয়া ডাক্তার, নার্স, ওয়ার্ড বয়সহ ১১ জনকে হোম কোয়ারেন্টাইনের ব্যবস্থা করেছি।
একই সাথে তার স্বজন ও আশেপাশের যারা তার সংস্পর্শে এসেছেন তাদের সকলকে ট্রেস করে তাদেরকেও হোম কোয়ারেন্টাইনের ব্যবস্থা করার কাজ চলছে। তিনি বলেন, এ বিষয়টি দেখাশোনার জন্য কোতয়ালী থানাকে দায়িত্ব দিয়েছি।
কেএ/বার্তাবাজার