চীনের একটি সামরিক জীবাণু অস্ত্র গবেষণাগার থেকে প্রাণঘাতী করোনাভাইরাস ছড়িয়ে পড়ার যে অভিযোগ উঠেছিল তা নাকচ করে দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটি বলছে, হাতে আসা সব প্রমাণাদি বিশ্লেষণ করে তারা জানতে পেরেছে, জৈব গবেষণাগার থেকে নয় বাদুড়ের মাধ্যমেই প্রাণঘাতী এই ভাইরাসের উৎপত্তি।
আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সংস্থাটি এ তথ্য জানায়।
বার্তা সংস্থা রয়টার্স তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, জাতিসংঘের এই অঙ্গ সংস্থার এক মুখপাত্র আজ এই তথ্য জানিয়েছেন। তবে চীনের বিরুদ্ধে অভিযোগ ছিল করোনাভাইরাস হলো তাদের তৈরি একটি জীবাণু অস্ত্র। অস্ত্রের কার্যকারিতা পরীক্ষার জন্য সাধারণের মধ্যে জীবাণু ছেড়ে দিয়েছে চীন কর্তৃপক্ষ। তারপরই তা গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে।
এই বিতর্কে শামিল আছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত সপ্তাহেই তিনি বলেছেন, চীনের মধ্যাঞ্চলের হুবেই প্রদেশের উহান শহরের একটি সরকারি গবেষগার থেকে এই ভাইরাসের উৎপত্তি কিনা তা খতিয়ে দেখছে তার প্রশাসন। তবে অনেকে তার এমন দাবিকে চীনের বিরুদ্ধে ‘ষড়যন্ত্র তত্ত্ব’ হিসেবে অভিহিত করছেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপাত্র ফেডেলা শায়েব জেনেভায় এক সংবাদ সম্মেলনে বলেন, ‘প্রাপ্ত প্রমাণাদি অনুযায়ী ভাইরাসটি প্রাণী থেকেই মানুষে ছড়িয়েছে। এটা কোনো গবেষণাগারে তৈরি কিংবা সেখান থেকে ছড়িয়ে দেওয়া হয়নি। সম্ভবত এই ভাইরাস বাদুড় থেকেই বিস্তার লাভ করেছে।’
প্রাণী থেকে কীভাবে এই প্রাণঘাতী ভাইরাস মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে তা এখনো নিশ্চিত হতে পারে নি বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে এমনটা নিশ্চিত হওয়া না গেলেও এটা অবশ্যম্ভাবী যে মানুষ ও ভাইরাসটির উৎপত্তি যে প্রাণী থেকে, তাদের দুইয়ের মধ্যে করোনার বিস্তারের যোগসূত্র হিসেবে কাজ করেছে অন্য কোনো প্রাণী।
বার্তা বাজার/ডাব্লিও.এস