বগুড়ায় করোনা উপসর্গ নিয়ে যুবকের মৃত্যু, জেলা লকডাউন

বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে স্থাপিত কোভিড-১৯ আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন করোনা উপসর্গ নিয়ে ২৮ বছরের এক যুবক মারা গেছে। তার বাড়ী বগুড়া সদরের সাবগ্রামে।

মৃত্যুর আগে গত ১৮ এপ্রিল আর নমুনা সংগ্রহ করে রাজশাহীতে পাঠানো হয়। এখন পর্যন্ত রিপোর্ট আসেনি।
মঙ্গলবার বিকেল ৪টা থেকে বগুড়া জেলাকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত অবরুদ্ধ বা লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন।

দুপুরে জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ লকডাউন ঘোষণা দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছেন। গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিভিল সার্জনের সুপারিশ মোতাবেক করোনাভাইরাস কোভিড নাইনটিনের সংক্রমণ ঝুঁকি মোকাবেলায় বগুড়া জেলাকে অবরুদ্ধ ঘোষণা করা হয়েছে।

পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত লকডাউন সময়ে বগুড়া জেলা থেকে কেউ অন্য কোনো জেলা বা উপজেলায় যেতে পারবেন না এবং অন্য কোনো জেলা বা উপজেলা থেকেও কেউ বগুড়ায় প্রবেশ করতে পারবেন না।

বগুড়া জেলার ভেতরে যাতায়াতের ক্ষেত্রেও এই নিষেধাজ্ঞা বজায় থাকবে। লকডাউনে গণপরিবহণ ও জনসমাগম বন্ধ থাকলেও সরকার ঘোষিত জরুরি পরিসেবা এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

বগুড়ায় মঙ্গলবার পর্যন্ত করোনাভাইরাস কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন বগুড়া আদমদিঘী উপজেলার ২ জন ও রংপুর জেলার এক বাসিন্দাসহ তিন জন।

আর মোহাম্মদ আলী হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন আরো দুজন। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে স্থাপিত আরটিপিসিআর মেশিনের মাধ্যমে করোনা পরীক্ষা শুরু হয়েছে। এপর্যন্ত ৪টি রির্পোট পাওয়া গেছে সব গুলো নেগেটিভ।

ছবি:বার্তাবাজার।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর