বিএনপিকে তথ্য-প্রমাণ দিতে বললেন ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপিকে ত্রাণ কাজে বাধা দেওয়া হচ্ছে বলে তারা অভিযোগ করেছে, আমি বলতে চাই কে বাধা দিয়েছে? কোথায় বাধা দিয়েছে? তথ্য প্রমাণ দিন।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর অভিযোগের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ঢাকায় নিজের সরকারি বাসভবনে এক ব্রিফিংয়ে এই আহ্বান জানান তিনি।

মন্ত্রী বলেন, এই অমানবিক কাজ যারা করেছে বা করছে, আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব। এটা শাস্তিযোগ্য অপরাধ।

বিএনপিকে উদ্দেশ্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আমি আবারও বলতে চাই, বিএনপিকে সরকারের নিশ্চিহ্ন করার কোনো প্রয়োজন নেই। বিএনপিকে নিশ্চিহ্ন করার জন্য সরকার নয়, তারা নিজেরাই নিজেদের ধ্বংসের জন্য যথেষ্ট। তাদের নেতিবাচক রাজনীতি তাদের ধ্বংস করার জন্য যথেষ্ট।

এসময় তৃণমূলে ত্রাণ পাওয়ার যোগ্যদের তালিকা তৈরিতে কোনো বৈষম্য না করার জন্য আওয়ামী লীগ নেতাকর্মীদের নির্দেশ দেন ওবায়দুল কাদের।

মন্ত্রী বলেন, আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃণমূলে ত্রাণ কার্যক্রম সমন্বয়ের নির্দেশ দিয়েছেন।দলীয় প্রধানের নির্দেশনা অনুযায়ী তৃণমূল পর্যায়ে ইউনিয়ন এবং ওয়ার্ডভিত্তিক ত্রাণ কমিটি হবে।

বার্তা বাজার/ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর