ত্রাণ নিয়ে অনিয়মে জড়িত জনপ্রতিনিধিদের ছাড় নেই : স্থানীয় সরকার মন্ত্রী
স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, যেসব জনপ্রতিনিধি গরিব জনগোষ্ঠীর জন্য দেওয়া ত্রাণ সামগ্রী নিয়ে অনিয়ম বা আত্মসাৎ করবে তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।
মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে রাজধানীর উত্তরায় রাজউক, ওয়াসা ও পানি উন্নয়ন বোর্ডের অধীনস্থ কয়েকটি খাল পরিদর্শন কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুর্নীতিবাজ জনপ্রতিধিদের এ হুঁশিয়ারি দেন তিনি।
এ সময় মন্ত্রী বলেন, সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও মহামারী থেকে রক্ষা পেতে ঘরে থাকার জন্য বলা হয়েছে। এ অবস্থায় দেশের প্রান্তিক গরিব জনগোষ্ঠীর জন্য সরকার প্রদত্ত খাদ্য সহায়তা স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে বন্টন করা হচ্ছে। এসব ত্রাণ সামগ্রী বিতরণ কালে যদি কোনো অনিয়ম খুঁজে পাওয়া যায় তাহলে আমরা তড়িৎ ব্যবস্থা গ্রহণ করছি। ত্রাণ নয় ছয় করা হলে কোন ধরণের অনুকম্পা তারা পাবে না।
মন্ত্রী আরো বলেন, এসব অনিয়ম বা ত্রাণ আত্মসাতের সাথে জড়িত বেশ কিছু জনপ্রনিধিকে ইতিমধ্যে আমরা বহিস্কার করেছি, তবে শুধু বহিস্কার নয় নিয়ম অনুযায়ী তাদের বিরুদ্ধে ফোজদারি আইনে মামলার মুখোমুখিও করা হয়েছে।
খাল পরিদর্শনে তাজুল ইসলাম বলেন, ‘রাজধানীর চারপাশ দিয়ে বয়ে যাওয়া খালগুলো এ বর্ষার আগে আগে পরিষ্কার রাখার কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। করোনার বিস্তারের এ পরিস্থিতিতে পানি নিষ্কাশন ও ডেঙ্গু মশার প্রাদুর্ভাব যাতে নগরবাসীর জন্য বাড়তি সমস্যার কারণ না হয় সেজন্য আমরা খালগুলো পরিষ্কার করার ওপর জোর দিয়েছি। এসময় স্থানীয় সরকার মন্ত্রী বৃহত্তর উত্তরা এলাকার বেশ কিছু খাল পরিদর্শন করেন।’
বার্তা বাজার / ডাব্লিও.এস