মহামারি করোনায় সারা বিশ্ব যখন কম্পমান। আর বাংলাদেশে করোনার হটস্পটগুলোতে নেয়া হচ্ছে আলাদা নিরাপত্তা ব্যবস্থা। মৃত্যুর মিছিল থামছেই না। ঠিক এমন সময় দেশের সবচেয়ে ঝুঁকিপূর্ণ স্থানের একটা, নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
আটককৃত মাদক ব্যবসায়ীরা হলো উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের নরিংদী এলাকার সিরাজুল ইসলামের ছেলে ইয়ানুছ (২৯) ও লস্করদী এলাকার মৃত আবু দায়েনের ছেলে রুবেল (২৮)।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টায় নরিংদী এলাকায় বড়বাড়ি নামক একটি বাড়ি থেকে ইয়াবাগুলো উদ্ধার করে আড়াইহাজার থানা পুলিশ। এসময় অভিযানে আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলামের নেতৃত্বে অংশ নেন থানার সেকেন্ড অফিসার এসআই সিরাজুল ইসলাম, এসআই রূপন চন্দ্র সরকার ও এএসআই আলমগীর হোসেন।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, বহুদিন ধরে এই এলাকায় একটি চক্র ইয়াবা ব্যবসা চালিয়ে আসছিল বলে পুলিশের কাছে তথ্য ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় ২০টি ছোট ফুয়েল প্যাকেটে রাখা সাদা রঙের চার হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। একজন পালিয়ে গেছে। তবে পালিয়ে যাওয়া ব্যক্তিকে দ্রুত সময়ের মধ্যে আটক করতে পুলিশের অভিযান চলছে।
বার্তাবাজার/এসজে