বিএনপির লোকেরা নিজের পকেটের টাকা খরচ করে ত্রাণ দেয় আর সরকার দলীয় লোকজন ত্রাণের সকল ধরণের সামগ্রী চুরি করছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
মঙ্গলবার (২১ এপ্রিল) রাজধানীর কাফরুল থানা বিএনপির উদ্যোগে ইব্রাহিমপুর এলাকায় নিম্ন আয়ের মানুষদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, এত কঠিন সময়ের মাঝেও সরকার কোনো উদ্যোগ গ্রহন করেনি যা দিয়ে দেশের মানুষকে সচেতন করা যাবে। মানুষ করোনা প্রতিহত করবে এমন কোনো পদক্ষেপও নেয়া হয়নি। দেশে প্রথম করোনা রোগী পাওয়া যায় ৮ মার্চ, তখনও সরকারের ভূমিকা ছিল পুতুলের মত।
তিনি আরও বলেন, সরকারি ত্রাণ জনগনের টাকায় কেনা। সেই ত্রাণ জনগণ পাচ্ছে না। চুরি চামারি করে নিয়ে যাচ্ছে সরকারি দলের চেয়ারম্যান মেম্বার ও আওয়ামী লীগের নেতারা। মানুষ মরছে সেদিকে তাদের খেয়াল নেই, তাদের লোভাতুর চোখ শুধু চাল ডাল চুরির দিকে।
এসময় ড্যাবের সহকারি মহাসচিব ডাক্তার শাকিল, ঢাকা মহানগর উত্তরের যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম ও কাফরুল থানা বিএনপি’র নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এরপর বিএনপি নেতাকর্মীরা দুস্থ গরিব মানুষের বাসায় বাসায় গিয়ে খাদ্যদ্রব্য পৌঁছে দেন।
বার্তাবাজার/এসজে