করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়ায় বাড়ি ভাড়া দিতে পারেননি কাঁঠালবাগানে স্ত্রী সন্তান নিয়ে থাকা থাই গ্লাস ফিটিং কারিগর সেলিম। আর তার অর্থপিপাসু বাড়িওয়ালা ভাড়া দিতে না পারায় বৃষ্টির মধ্যেই গত শনিবার রাতের আঁধারে শীশুকন্যাসহ তাদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। র্যাব, পুলিশ মিলে অনেক চেষ্টা করেও এর কোনো সুরাহা করতে পারছিল না। অবশেষে বাড়িওয়ালা শম্পা হার মানল। সেলিমরা বাসায় ফিরেছে।
সেলিমের ১০ বছরের শিশুকন্যাকে মারধর ও সবাইকে অন্যায়ভাবে বাড়ি থেকে বের করে ধরে দেয়ায় সে নিজেই বাদী হয়ে ঢাকা মহানগরের কলাবাগান থানায় একটি মামল দায়ের করে। মামলার আসামী করা হয় বাড়িওয়ালা শম্পা ও তার স্বামী শহীদুল্লাহকে।
মামলা বিষয়ে কলাবাগান থানার ওসি (তদন্ত) আ ফ ম আছাদুজ্জামান জানায়, মামলা করার পর থেকে বাড়িওয়ালা ও তার স্বামী তাদের ফ্লাটে তালা দিয়ে পলাতক রয়েছেন। তাদেরকে গ্রেফতার করার জন্য অভিযান চলছে। সেলিম ও তার পরিবার আবার তাদের ভাড়া বাসায় উঠেছেন।
এ ব্যাপারে ডিএমপির রমনা বিভাগের নিউমার্কেট জোনের সিনিয়র সহকারী পুলিশ সুপার আবুল হাসান জানান, শিশুকন্যসহ রাতের আঁধারে ঝড় বৃষ্টির মাঝে বাড়ি থেকে বের করে দেয়া সেই ভাড়াটিয়া সেলিমের পরিবারকে বাসায় তোলে দেয়া হয়েছে। একইসাথে তাদের পরিবারের জন্য খাদ্য সামগ্রীও দেয়া হয়েছে।
তবে এসব অভিযোগের বিষয়ে জানতে বাড়িওয়ালী শম্পার মোবাইলে ফোন করা হলে তার নম্বরটি বন্ধ পাওয়া যায়।
বার্তাবাজার/এসজে