জয়পুরহাটে নারায়ণগঞ্জ ফেরত যুবকের উপসর্গ ছাড়াই করোনা পজিটিভ

জয়পুরহাটে কোনো উপসর্গ ছাড়াই নারায়ণগঞ্জ ফেরত এক যুবক (৩৩) প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

সোমবার (২০ এপ্রিল) রাতে রাজশাহী মেডিকেল কলেজ থেকে ওই যুবকের করোনা পজিটিভ রিপোর্ট আসে।

আক্রান্ত ওই যুবক পাঁচবিবি উপজেলার ছোট মানিক গ্রামের বাসিন্দা। তিনি নারায়ণগঞ্জে একটি বায়িং হাউজে কাজ করেন। কদিন আগে তিনি বাড়ি আসার পর হোম কোয়ারেন্টাইনে ছিলেন।

পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শহিদ হোসেন জানান, ওই যুবকের শরীরে করোনার কোনো উপসর্গ না থাকলেও তিনি নারায়ণগঞ্জ থেকে বাড়ি এসে হোম কোয়ারেন্টাইনে ছিলেন। এ জন্যই তার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। আবার অনেক সময় আক্রান্ত ব্যক্তিরা তাদের উপসর্গগুলোও গোপন করেন। ফলে অনেক সময় জানা নাও যেতে পারে।

পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদিম সরওয়ার বলেন, আক্রান্ত ব্যক্তির আশপাশের পাঁচটি বাড়ির সদস্যকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে বাধ্য করতে পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে। ওই পাঁচটি বাড়ির সদস্যদের কারও ত্রাণ প্রয়োজন হলে পৌঁছে দেয়া হবে।

জয়পুরহাটের সিভিল সার্জন ডা. সেলিম মিঞা বলেন, রাজশাহীতে পাঠানো নমুনায় তিনজনের রিপোর্টে দুইজনের নেগেটিভ এবং একজনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। আক্রান্ত ব্যক্তিকে আক্কেলপুরের হেলথ টেকনিক্যাল ইনস্টিটিউটে আইসোলেশনে রাখা হবে। আগের আক্রান্ত দুজনকেও আইসোলেশনে রাখা হয়েছে। এ নিয়ে জেলায় মোট ৩ জন করোনায় আক্রান্ত হলেন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর