করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশের হয়ে প্রথম ব্যাটসম্যান হিসেবে ডাবল সেঞ্চুরি হাঁকানো ব্যাটটি নিলামে তুলতে যাচ্ছেন মুশফিক। এবার একই ধরণের ইচ্ছে প্রকাশ করলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।
বাংলাদেশের সংস্কৃতিতে ক্রিকেটারদের স্মারক নিলামে তোলার প্রচলন নেই বলে প্রক্রিয়া নিয়ে কিছুটা সংশয়ে অবশ্য সাবেক এই অধিনায়ক। তবে কোন প্রতিষ্ঠান আগ্রহ দেখালে কিংবা প্রক্রিয়া শুরু করলে নিজের অনেক স্মারকই নিলামে তুলে দিবেন অসহায়দের সাহায্যার্থে।
অবসরের পরই এমন কোন দুর্যোগে এসব স্মারক নিলামে তোলার পরিকল্পনা ছিল আশরাফুলের, তবে তার আগেই করোনা ভাইরাস প্রভাবে সংকটময় সময়ের শুরু বলে এখনই উপযুক্ত সময় বলে মনে করেন সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ান।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একটি লাইভ সেশনে এক ভক্তের করা প্রশ্নের জবাবে আশরাফুল বলেন, ‘অবশ্যই যায় (নিলামে তোলা) যদি আপনারা কেউ নিতে চান। আমারতো ইচ্ছে ছিলই অবসরের পরে আমার ব্যাট বলেন, টেস্ট ক্যাপ বলেন এগুলো আমি নিলামে দিব বড় কোন দূর্ঘটনায়। তো এখন পারফেক্ট সময়, আসলে এসব প্রক্রিয়াটা আমাদের দেশে ঐভাবে চালু হয়নাই।’
‘মুশফিককে দেখলাম যে সে শুরু করেছে। তো আসলে এই ধরণের কিছু যদি হয় অবশ্যই আমার অভিষেক টেস্ট সেঞ্চুরি বলেন, অস্ট্রেলিয়ার সাথে সেঞ্চুরি বলেন, জিম্বাবুয়ের সাথে প্রায় ৫ বছর পরে ৪৭তম ম্যাচে গিয়ে জিতেছি এই ম্যাচের স্টাম্প আছে। তো এরকম যদি হয় আমি অবশ্যই দিতে চাই।’
কেএ/বার্তাবাজার