করোনায় অস্বচ্ছল শিক্ষার্থীদের পাশে ইবির মার্কেটিং বিভাগ

প্রাণঘাতী করোনাভাইরাসের দরুন সৃষ্ট উদ্ভুত পরিস্থিতিতে নিজ বিভাগের আর্থিক ভাবে অসচ্ছল শিক্ষার্থী ও তাদের পরিবারের পাশে দাঁড়িয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) মার্কেটিং বিভাগ।

প্রথম ধাপে করোনা প্রাদুর্ভাবের কারণে দুর্ভোগে পড়া ১০ শিক্ষার্থীর পরিবারকে ১ মাসের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের সমপরিমাণ উপহার (আর্থিক সহায়তা) পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বিভাগের সভাপতি অধ্যাপক ড.জাকারিয়া রহমান।

তিনি জানান, আমার বিভাগের অনেক শিক্ষার্থী টিউশনি করিয়ে নিজের ও পরিবারের খরছ বহন করেন। করোনায় বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় তাদের উপার্জন বন্ধ হয়ে গেছে। এই দুঃসময়ে তাদের পাশে দাঁড়ানোর জন্য ছাত্রকল্যাণ তহবিল থেকে সাহায্য করার পাশাপাশি বিভিন্নভাবে ফান্ড সংগ্রহ করে সাহায্যের উদ্যোগ নিয়েছি।

বিভাগ সূত্রে জানা যায়, ২০১৬ সালে মার্কেটিং বিভাগ প্রতিষ্ঠার পর আর্থিক ভাবে অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে ছাত্রকল্যাণ তহবিল গঠন করা হয়। পরবর্তীতে ২০১৭ সালের ১৩ মার্চ আনুষ্ঠানিকভাবে অর্থ সংগ্রহ শুরু হয়। উক্ত তহবিলে মাসে ৩০ টাকা হারে প্রতি সেমিস্টারে শিক্ষার্থীরা ১৮০ টাকা চাঁদা প্রদান করে থাকেন।

বিভাগের শিক্ষার্থী ও অন্যতম ফান্ড সংগ্রহকারী মিকাইল হোসেন বলেন, মানবিক দিক বিবেচনা করে ফান্ড সংগ্রহের উদ্যোগ নিয়েছি। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এবং যতোদিন পর্যন্ত সাহায্যের আবেদন আসবে ততদিন সাহায্য প্রদান প্রক্রিয়া অব্যহত থাকবে।

বিভাগের পক্ষ থেকে উপহার প্রাপ্ত (আর্থিক সহায়তা) এক শিক্ষার্থী জানান, বাবা নেই। টিউশনি করে পড়াশোনা ও অন্যান্য খরচ চালাই। করোনায় টিউশনি বন্ধ। কি করবো বুঝে উঠতে পারছিলাম না। তখন বিভাগের এক বড় ভাইকে জানাই। ওনারা বিভাগের পক্ষ থেকে আর্থিক সহোযোগিতার ব্যবস্থা করে দিয়েছেন।

এবিষয়ে বিভাগের সভাপতি অধ্যাপক ড. জাকারিয়া রহমান বলেন, বর্তমান সংকটময় পরিস্থিতিতে মার্কেটিং বিভাগের অসচ্ছল অনেক শিক্ষার্থী ও তাদের পরিবার মানবেতর জীবনযাপন করছে।

আমি ইতোমধ্যে এরকম বেশ কয়েকজনকে নিজ উদ্যোগে সহায়তা করেছি এবং বিভাগের পক্ষ থেকে ছাত্রকল্যাণ তহবিলের মাধ্যমে সাহায্যের উদ্যোগ নিয়েছি। সে লক্ষ্যে বিভিন্ন ভাবে ফান্ড সংগ্রহ করছি। বিভাগের শিক্ষার্থীরাও এগিয়ে এসেছে। তারা ফেসবুক পেইজে লাইভ পারফরম্যান্সের মাধ্যমে অর্থ সংগ্রহ করছে।

তিনি বলেন, এরকম উদ্ভূত পরিস্থিতিতে মার্কেটিং বিভাগের ১০ জন শিক্ষার্থীকে ইতিমধ্যে অর্থ সহায়তা দিয়েছি। এছাড়া বিভাগের কেউ আর্থিক সমস্যায় থাকলে আমাদের সাথে কথা বলতে পারবেন। তাদের পরিচয় গোপন রেখে সাহায্য করা হবে।

তিনি আরো বলেন, আমাদের এ উদ্যোগে শামিল হতে ইবির যেকোনো বিভাগের সাবেক বা বর্তমান শিক্ষার্থীসহ যেকেউ অর্থ সাহায্য করতে পারবেন। আমার উদাত্ত আহ্বান থাকবে, এই দূর্যোগময় পরিস্থিতিতে সামর্থ্যবানেরা যে যার অবস্থান থেকে দুঃস্থ মানুষের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিবেন।
এছাড়া তাদের এ কার্যক্রম অব্যহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

এদিকে বিভাগের শিক্ষক সহযোগী অধ্যাপক শাহ আলম কবির প্রামানিক, সহযোগী অধ্যাপক সাদিকুল আজাদ। প্রভাষক মাজেদুল হক সার্বক্ষণিক শিক্ষার্থীদের সাথে যোগাযোগ রাখছেন এবং তাদেরকে বিভিন্ন ভাবে পরামর্শ দিচ্ছেন। সেই সাথে তহবিল সংগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।

প্রসঙ্গত, নিম্নোক্ত নাম্বার গুলোতে যে কেউ অনুদান প্রেরণ করতে পারবেন।

বিকাশ- 01521455834
রকেট- 019397363026

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর