লকডাউনের মধ্যে চলছে জমজমাট জুয়ার আসর

নভেল করোনা ভাইরাসের মহামারি পরিস্থিতিতে পাবনার ভাঙ্গুড়া থানার পারভাঙ্গুড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে বসছে জমজমাট জুয়ার আসর। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত ২০ থেকে ২৫ জন যুবক এই জুয়ার আসর বসায়। এলাকাবাসী প্রায়ই ধাওয়া করে এসব যুবকদের আটক করে।

কিন্তু পরে সংশ্লিষ্ট ইউপি সদস্যরা কৌশলে তাদের ছাড়িয়ে নেয়। এতে এলাকাবাসী ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের উপর প্রচণ্ড ক্ষুব্ধ।

রোববার(১৯ এপ্রিল) রাতে পাথরঘাটা গ্রামের বোরো ক্ষেতের একটি সেচ প্রকল্পের শ্যালো মেশিনের ঘরে জুয়ার আসর বসায় ওই যুবকরা। তখন ইউনিয়ন চেয়ারম্যান গ্রাম পুলিশ পাঠায় জুয়ারিদের ধরতে। গ্রাম পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে কয়েকজন পালিয়ে যায়।

তবে ওই ঘরে আটকা পড়ে কয়েকজন। তারা হল: পাথরঘাটা গ্রামের মাহমুদ আলীর ছেলে সৈকত (২৩), রেজাউল করিমের ছেলে রাতুল (১৮), মনসুর আলীর ছেলে মামুন (২২) এবং সাইদুল ইসলামের ছেলে শাহীন (২২)।

কিন্তু তাৎক্ষণিক পাথরঘাটা গ্রামের ইউপি সদস্য জুয়েল হাসান গ্রাম্য সালিশের কথা বলে জুয়ারিদের ছাড়িয়ে নেয়। পরে পারভাঙ্গুড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হেদায়েতুল হকের নেতৃত্বে গভীর রাত পর্যন্ত সালিশ করে ওই ৪ জুয়ারিকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

পারভাঙ্গুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হেদায়াতুল হক বলেন, আটক যুবকরা সবাই নিজেদের পরিচিত। তাই তাদের কড়া হুঁশিয়ারি দিয়ে জরিমানা করে ছেড়ে দেওয়া হয়েছে। পরবর্তীতে এরকম কাজ করলে আর ছেড়ে দেওয়া হবেনা।

ভাঙ্গুড়া থানার ওসি মাসুদ রানা জানান, ওই এলাকায় প্রশাসনের নজরদারি বাড়িয়ে দেওয়া হবে। যাতে এই দুর্যোগকালীন সময়ে কেউ যেন কোনো প্রকার অপকর্ম করতে না পারে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর