মহামারীর সময়ও বিরোধী দলকে নিশ্চিহ্ন করতে সরকার ব্যস্ত : ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মহামারীর সময়ও সরকার বিরোধী দলকে নিশ্চিহ্ন করতে ব্যস্ত রয়েছে।

সোমবার (২০ এপ্রিল) এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। বিবৃতিতে বিএনপি মহাসচিব করোনাভাইরাস মহামারীর সংকটময় সময়ে বিভিন্ন স্থানে গরিব ও দুস্থ মানুষদের মধ্যে খাদ্য সহায়তাকালে নেতাকর্মীদের বাধা ও মিথ্যা মামলায় জড়ানোরও তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানান।

বিএনপি মহাসচিব বলেন, এসবের উদ্দেশ্য সরকার বিরোধী দলকে নিশ্চিহ্ন করার নীল নকশা থেকে পিছু হটেনি। বরং এই মহামারীকে কাজে লাগিয়ে সরকার আরও জোরে-সোরে বিরোধী দল ও ভিন্ন মতকে উচ্ছেদ করার সামগ্রিক আয়োজনে ব্যস্ত রয়েছে।

মির্জা ফখরুল বলেন, এর প্রমাণ করোনার এই মহাদুর্যোগকালেও অসহায় মানুষদেরকে সাহায্য-সহযোগিতা করার মতো মানবিক কর্মকান্ডেও হামলা চালাচ্ছে সরকারি দলের সন্ত্রাসীরা এবং বিনা অপরাধে সরকারি প্রশাসন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ গণমাধ্যম ও মুক্ত চিন্তার মানুষদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে বিরতিহীনভাবে হেনস্তা করে যাচ্ছে।

বিএনপি মহাসচিব আরও বলেন, করোনাভাইরাস মহামারীতে একদিকে তারা যেমন ত্রাণ সামগ্রী লুটপাটে ব্যস্ত, অন্যদিকে অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের ত্রাণ কর্মকান্ডকে জুলুমের বাতাবরণে নানা কায়দায় বাধা দিচ্ছে। কারণ দু:শাসন টিকিয়ে রাখলেই কেবলমাত্র নিজেদের ব্যর্থতা ঢেকে রাখা যায়। এই মহাদুর্যোগেও সরকারের সামগ্রিক আচরণে তাদের অমানবিক মুখমণ্ডল আরও কুৎসিত হয়ে ফুটে উঠেছে।

ফখরুল বলেন, ত্রাণ বিতরণকালে ফেনী জেলার দাগণভূঁইয়ায় ইকবাল মেমোরিয়াল সরকারি কলেজ ছাত্রদলের সদস্য নিলয় হাসান রবিনের ওপর ছাত্রলীগের চিহ্নিত একদল সন্ত্রাসী পৈশাচিক হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে। বাড্ডা লিংক রোডে ত্রাণ বঞ্চিত মানুষের বিক্ষোভকে কেন্দ্র করে সরকার মামলা দায়ের করলে ঢাকা মহানগর উত্তর বাড্ডা থানার অন্তর্গত ৩৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল বাশারকে ঐ বিশেষ ক্ষমতা আইনের মামলায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে জড়িত করে। নিলয় হাসান রবিনের ওপর ছাত্রলীগের সন্ত্রাসীদের হামলা ও তাকে ধারালো অস্ত্র দিয়ে গুরুতর জখম করা এবং আবুল বাশারের বিরুদ্ধে অসত্য মামলা দায়েরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।

অবিলম্বে রবিনের ওপর হামলাকারী দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তিসহ আবুল বাশারের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানান ফখরুল।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর