ঢাকার সাভারের হেমায়েতপুরে করোনা সন্দেহে সন্তানরা যে মাকে রাস্তায় ফেলে যায়, তাঁর নমুনা টেস্টের রিপোর্ট ‘নেগেটিভ’ এসেছে। সোমবার (২০ এপ্রিল) সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নাজমুল হুদা মিঠুর কাছ থেকে বিষয়টি জানা যায়।

এব্যাপারে মুঠোফোনে ডাঃ নাজমুল হুদা মিঠু জানান, গতকাল রবিবার (১৯ এপ্রিল) রাত আনুমানিক ১১টায় ওই মায়ের করোনা টেস্টের রিপোর্ট আসে এবং তা নেগেটিভ পাওয়া গেছে। এছাড়াও আরও একজন অভিভাবকহীন পুরুষ রোগীর নমুনায় করোনা নেগেটিভ আসে।
এই পর্যন্ত সাভারে সর্বমোট ৬ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন বলেও জানান তিনি। এদিকে, সাভারে করোনা সন্দেহে পরিত্যাক্ত ওই মা এর করোনা টেস্ট রিপোর্ট নেগেটিভ হওয়ায় তাকে সমাজসেবা অধিদফতরের আশ্রয় কেন্দ্রে পাঠানো হবে বলে জানান সাভার উপজেলা সমাজসেবা অফিসার ও প্রবেশন অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ শিবলীজ্জামান।
এব্যাপারে মুঠোফোনে তিনি বলেন, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়ের নির্দেশক্রমে ওই মা এবং অপর পুরুষ ব্যক্তি সহ ওই দুই জনের কোন অভিভাবক না পাওয়ায় তাদেরকে নিরাশ্রয় ব্যক্তি হিসেবে ঘোষণাপূর্বক সমাজসেবা অধিদফতর কর্তৃক পরিচালিত আশ্রয় কেন্দ্রে প্রেরনের সুপারিশ করি। সে মোতাবেক তাদেরকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে প্রেরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
প্রসঙ্গত, গত ১৮ এপ্রিল একজন অসহায় বয়স্ক মহিলা রাস্তায় পড়ে থাকার বিষয়টি পুলিশ ফোর্স উপজেলা নির্বাহী অফিসার, সাভারকে জানান।
তিনি বিষয়টি সাথে সাথে আমলে নিয়ে সেখানে সংশ্লিষ্ট সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মাহফুজ, উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ শিবলীজ্জামান এবং সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (দায়িত্বপ্রাপ্ত) ডাঃ নাজমুল হুদা মিঠু সহ একটি এ্যাম্বুলেন্স পাঠান। উপজেলা প্রশাসন অসহায় ওই মহিলাকে মায়ের মর্যাদা দিয়ে হাসপাতালে ভর্তি করে বিরল দৃষ্টান্ত স্থাপন করে।
কেএ/বার্তাবাজার