বিশ্বে করোনা আতঙ্কে চলছে লকডাউন। তেমনি ভারতেও চলছে লকডাউন, কিন্তু ভারতে ঘুরতে এসে লকডাউনের কবলে পড়ে প্রায় ১ মাস গুহায় আশ্রয় নিয়েছিলেন ৬ বিদেশি পর্যটক।
উত্তরাখন্ডের রিশিকেশ এলাকার কাছে একটি গুহা থেকে তাদের উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারের পর করোনার পরীক্ষা করে তাদের আইসোলেশনে রাখা হয়েছে। যদিও এখন পর্যন্ত করোনাভাইরাসের উপসর্গ পাওয়া যায়নি তাদের শরীরে।
পুলিশ জানায়, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, তুরস্ক, নেপাল এবং ইউক্রেন থেকে আসা ওই ছয় পর্যটক প্রথমে একটি হোটেলে উঠেছিলেন। কিন্তু লকডাউন জারির পর টাকা শেষ হয়ে গেলে তারা ওই গুহায় আশ্রয় নেন। আশেপাশের বাজার থেকে খাবার সামগ্রী কিনে গুহাতেই রান্না করে খেতেন তারা।
এদিকে, থাইল্যান্ডের ক্র্যাবি প্রদেশের একটি দ্বীপেও বেড়াতে গিয়ে লকডাউনের কবলে পড়ে গুহায় আশ্রয় নেয় এক রুশ দম্পতি। করোনা পরিস্থিতির অবনতির পর সব হোটেল-মোটেল বন্ধ হয়ে যাওয়ায় প্রায় এক মাস গুহায় ছিলেন তারা। পরে তাদের উদ্ধার করা হয়।
বার্তাবাজার/কে.জে.পি