বিশ্বব্যাপী করোনা আতঙ্কে নিজেকে একটু নিরাপদ রাখতে মাস্ক পরে চলাফেরা করছেন সবাই। তবে ব্যতিক্রমী এক ঘটনা ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের শ্যামপুকুরে। সেখানে এক ব্যক্তিকে কিছুতেই মাস্ক পরাতে পারেননি তার বাবা। তাই শেষমেশ রেগে গিয়ে খুন করে বসেছেন তাকে।
রবিবার (১৯ এপ্রিল) এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি। অভিযুক্ত ওই ব্যক্তির নাম বংশীধর মল্লিক (৭৮)। ছেলেকে খুনের পর তিনি থানায় গিয়ে নিজেই আত্মসমর্পণ করেন।
পুলিশকে তিনি জানান, ছেলে শীর্ষেন্দু মল্লিক (৪৫) বিশেষ চাহিদা সম্পন্ন। রবিবার সন্ধ্যায় তিনি বাড়ি থেকে মাস্ক ছাড়া বের হতে গেলেই তাকে বাধা দেন বংশীধর। শত চেষ্টা করেও ছেলেকে মাস্ক পরাতে পারেননি। ফলে রেগে গিয়ে শীর্ষেন্দুর গলায় কাপড়ের ফাঁস দিয়ে খুন করেন তিনি।
এ বিষয়ে কলকাতা পুলিশ এনডিটিভিকে জানায়, আটক বংশীধরের বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।
বার্তাবাজর/কে.জে.পি