মাছ ধরার নৌকা ডুবিয়ে দিলো খেয়া ঘাটের ইজারাদার

বরগুনার বরইতলা-বাইনচটকী খেয়াঘাট এলাকার বিষখালী নদীতে জেলে ট্রলার ডুবিয়ে দিয়েছে খেয়ার ইজারাদার। ডুবে যাওয়া তিন জেলেকে উদ্ধার করা হয়েছে। ঘটনায় জড়িতদের আটকে অভিযান চালাচ্ছে পুলিশ।

সোমবার (২০ এপ্রিল) সকালে বরইতলা-বাইনচটকী খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সম্প্রতি বিষখালী নদীতে মাছ শিকার নিয়ে ওই এলাকার উভয় পাড়ের জেলেদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।

বিরোধ নিষ্পত্তির জন্য জেলা মৎস্যজীবী সমিতির সভাপতি আবদুল খালেক উভয় পাড়ের জেলেদের বরইতলা বাজারে বৈঠকের জন্য ডাকেন।

সোমবার সকাল সাড়ে ৯টার দিকে বাইনচটকী এলাকা থেকে একযোগে জেলেদের তিনটি ট্রলার ছেড়ে আসে। ট্রলার ছেড়ে আসতে দেখে জেলে নৌকায় যাত্রী পারাপার করছে ভেবে ইজাদারের সাত আটজন লোক বরইতলা ঘাট থেকে ট্রলার নিয়ে গিয়ে জেলেদের পেটাতে শুরু করে।

সালিস বৈঠকের জন্য যাচ্ছেন বলার পরও কোনো কথাই শোনেনি তারা। এক পর্যায়ে জেলেদের একটি ট্রলার ডুবিয়ে দিয়ে চলে আসে তারা। পরে অপর একটি ট্রলার ডুবিয়ে দেওয়া ট্রলারের লোকদের উদ্ধার করে বরইতলা নিয়ে আসে।

প্রত্যক্ষদর্শী মিঠু জানান, জেলেরা সালিস বৈঠকের কথা বলার পরও ইজারাদারের ঘাটের জাকারিয়া, কায়েস, ফরিদসহ সাত-আট জন গিয়ে জেলেদের মারধর করে ট্রলার ডুবিয়ে দেয়।

এদিকে ট্রলার ডুবিয়ে দেওয়ার ঘটনার খবর পেয়ে জেলেদের স্বজনরা লকডাউন উপক্ষো করে বাইনচটকী এলাকায় বিষখালী নদীর তীরে ভিড় জমায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে ইজারাদারসহ অন্যরা আত্মগোপন করে। মৎস্যজীবি জেলে সমিতির সভাপতি আবদুল খালেক বলেন, ‘এ খবর শোনার পর আমি ওই ট্রলারের জেলেদের উদ্ধার করে আনার ব্যবস্থা করি। পরে পুলিশকে বিষয়টি জানাই।’

বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবির হোসেন মোহাম্মাদ বলেন, ‘জেলেদের উদ্ধার করে বরগুনা থানায় নিয়ে আসা হয়েছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর