কিশোরগঞ্জের মানুষ কিশোরই রয়ে গেছে: প্রধানমন্ত্রী

কিশোরগঞ্জের মানুষ কিশোরই রয়ে গেছে বলে রসিকতা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (২০ এপ্রিল) ঢাকা ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলার কর্মকর্তাদের সাথে ভিডিও কনফারেন্সে আলাপকালে প্রধানমন্ত্রী এই কথা বলেন।

ঢাকা বিভাগের কিশোরগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর ও মানিকগঞ্জ জেলা এবং ময়মনসিংহ বিভাগের জেলাসমূহের সঙ্গে ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হচ্ছে।

কিশোরগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যানের সাথে কথা বলার মুহুর্তে প্রধানমন্ত্রী জিজ্ঞেস করেন, প্রচুর ধান উৎপাদনের জেলা হিসাবে পরিচিত কিশোরগঞ্জে উন্নত কোনো রাইস মিল আছে কিনা। এমন প্রশ্নের উত্তরে সেখানে উপস্থিত কর্মকর্তাবৃন্দ জানায় কিশোরগঞ্জে কোনো উন্নত রাইস মিল নেই।

তখন প্রধানমন্ত্রী বলেন, কিশোরগঞ্জের মানুষ কিশোরই রয়ে গেছে। উন্নত প্রযুক্তি ব্যবহার করে নিজেরা কিছু করার চেষ্টা করছে না। অথচ চাইলে নিজেরাও অনেক ভাল কিছু করতে পারতো। প্রচুর মাছ পাওয়া যায় এখানের হাওরে। কিন্তু উন্নত মানের বরফ কল ব্যবহার করে মাছ রফতানির প্রক্রিয়া করা হচ্ছে না।

প্রধানমন্ত্রী আরও বলেন, কিশোরগঞ্জের মানুষ নিজেকে রাষ্ট্রপতি মনে করে। কারণ স্বাধীনতার সময় থেকে বেশিরভাগ রাষ্ট্রপতিই তাদের জেলায় হয়েছে। তাই এই জেলার মানুষজন নিজেদেরকে রাষ্ট্রপতি মনে করে। আর ভাবে তাদের রাষ্ট্রপতি আছে, আর কি লাগে।

কিশোরগঞ্জ জেলার মানুষদের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, নিজেরাও কিছু করার চেষ্টা করেন। সরকার কিশোরগঞ্জের যোগাযোগ ব্যবস্থা ভাল করে দেয়ার চেষ্টা করছে। অন্য সব কাজেও সহায়তা করবে। নিজেরা উদ্যোক্তা হয়ে কিছু করার চেষ্টা করেন। দিন বদলে যাবে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর