প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে একবারে প্রান্তিক পর্যায়ে ২৪ ঘন্টা নিরলস কাজ করছে বাংলাদেশ গ্রাম পুলিশ। নাম মাত্র সন্মানিতে তারা কাজ করে যাচ্ছেন। এবার তাদের পরিবারের ভবিষ্যত বিবেচনা করে তাদেরকেও স্বাস্থ্য বীমা ও প্রণোদনা প্যাকেজর আওতায় আনতে প্রধানমন্ত্রীর কাছে আবেদন করা হয়েছে।
গত ১৬ এপ্রিল জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেন বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কল্যাণ ফান্ডের সভাপতি রাজবাড়ীর উজ্জল খান। তার ওই আবেদনে বলা হয়, এরইমধ্যে চট্টগ্রামে গ্রামপুলিশ বাহিনীর সদস্য মোহাম্মদ মনির করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। কোন প্রকার নিরাপত্তা ছাড়া এভাবে কাজ করলে বাহিনীর আরো সদস্যসহ অনেকেই আক্রান্ত হতে পারেন।
উজ্জ্বল ওই আবেদনে আরও উল্লেখ করেন, গ্রামে যারা করোনায় আক্রান্ত হয়েছে এবং অন্য জায়গা থেকে আগতদের কোয়ারেন্টিন নিশ্চিত করা, তাদের বাড়িতে খাদ্য সামগ্রী পৌছে দেয়া এবং লোকজনের সামাজিক দুরুত্ব নিশ্চিত করতে আমাদের সারাক্ষণ ব্যস্ত থাকতে হচ্ছে। রাতের বেলাও সারা গ্রাম পাহাড়া দিতে হচ্ছে গ্রাম পুলিশের সদস্যদেরই।
তিনি বলেন, এর বাইরেও প্রশাসন থেকে যখন যে আদেশ দেয়া হয় তা বাস্তবায়ন করতে হচ্ছে। তবে গ্রাম পুলিশের সদস্যরা এত পরিশ্রম করলেও বরাবরই অবহেলিত। এই সময়েও অনেকের ২-৩ মাসের বেতন বকেয়া রয়েছে। যদিও বেতনের পরিমান খুবই সামান্য। তাই এই বাহিনীর সদস্যদেরকেও প্রধানমন্ত্রীর প্যাকেজের আওতায় আনার দাবি জানান তিনি।
বার্তাবাজার/এসজে