করোনার প্রভাবে বদলে গেছে ঢাকা শহর। নেই মানুষের কোলাহল, নেই ব্যস্ত শহরে মানুষের ছুটে চলা। বদলে গেছে সবকিছুই। এই বদলে যাওয়ার সুযোগে মাঠে নেমেছে দুস্কৃতিকারীরা। তারা লকডাউন এলাকাগুলোতে গিয়ে করোনা রোগী শনাক্তের নামে ডাকাতি করছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া রাতের ফাঁকা রাস্তায় তল্লাশির নামে চলছে ছিনতাই।
তবে এভাবে কেউ করোনা রোগী শনাক্ত করতে চাইলে নিকটস্থ থানায় যোগাযোগ করতে বলেছে পুলিশ। রাজধানীর একাধিক এলাকায় করোনা রোগী শনাক্তের নামে আবাসিক এলাকার বাসাবাড়িতে ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। ডাকাত দল পিপিই পরে বাসায় গিয়ে বলে আমরা হাসপাতাল থেকে এসেছি। এই বাসায় করোনা রোগী আছে বলে আমাদের তথ্য রয়েছে।
এ অবস্থায় অনেকটা বাধ্য হয়েই বাসার দরজা খুলে দিতে হচ্ছে। এরপরে বাসায় ঢোকামাত্রই শুরু করে ডাকাতি। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে সমালোচনা। অনেকেই বলছেন, এই পরিস্থিতিতে কখনোই পড়েনি দেশের মানুষ। এই সংকটে সবাই যখন মানবতার হাত বাড়িয়ে দিয়েছে, তখন অসাধুচক্র মানুষকে জিম্মি করে ডাকাতি করছে। এ ধরনের ঘটনা থেকে সাবধানেও থাকতে বলছেন কেউ কেউ।
ঢাকার সাভারে এক বাসিন্দা অভিযোগ করে বলেন, আমার বাসায় গভীর রাতে একদল লোক আসে পিপিই পরে। তারা বলে, আমরা করোনা আক্রান্ত রোগী শনাক্ত করতে এসেছি। এরপরেই রীতিমতো জোর করে বাসায় ঢুকে সবাইকে জিম্মি করে। এরপর বাসার সবকিছু তাদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। যত দামি জিনিস ছিল তার সবকিছুই নিয়ে যায়। পুরো বিষয়টি আমাদের জন্য ছিল ভীতিকর।
কেএ/বার্তাবাজার