মাতৃভূমির মানুষদের জন্য এক হাজার টন খাবার পাঠালেন সালাহ

এই পৃথিবী চেনা হয়েও আজ তবু কতো অচেনা। ব্যস্ত শহরে গাড়ির লাইন নেই, ছাত্রছাত্রীরা আজ ব্যাগ কাঁধে স্কুলে যাচ্ছে না, কর্মজীবি মানুষদের মাঝে কর্মব্যস্ততা নেই। করোনা ভাইরাস যেন অদৃশ্য কোনো মরণাস্ত্রের মাধ্যমে দেশের পর দেশে লাশের পাহাড় তৈরি করছে।

প্রাণঘাতী এই অসুখের হাত থেকে বাঁচতে একটার পর একটা অঞ্চলকে লক ডাউন ঘোষণা করা হচ্ছে। ফলে সমাজের নিম্ন ও মধ্য আয়ের মানুষদের আয়ের উৎস একেবারে বন্ধ হয়ে গিয়েছে। অর্থাভাবে তাদের ঘরে দুইবেলাও চুলো জ্বলছে না। তবে আশার কথা হচ্ছে, পরিস্থিতির শিকার এসব হতদরিদ্র মানুষদের পাশে সমাজের অবস্থাপন্নদের অনেকেদই দাঁড়াচ্ছেন।

ক্রীড়া তারকারাও এক্ষেত্রে বাদ যাচ্ছেন না। তাঁদের আয়ের অঙ্কটা যেমন বড়, তেমনিভাবে তাঁদের দানের হাতটাও বেশ বড়। এই যেমন মিসরের ছেলে মোহাম্মদ সালাহর কথাই ধরুন।

নিজের মাতৃভূমির মানুষদের জন্য তিনি প্রায় ৫ হাজার পাউন্ড খরচ করে এক হাজার টন খাবার ও তাজা মাংস পাঠিয়েছেন । মিসরের বাসিয়ন শহরের নাগ্রিগ গ্রামবাসীর ঘরে ঘরে পৌঁছে যাবে এই ত্রাণ। উল্লেখ্য, এই নাগ্রিগ গ্রামেই সালাহর জন্ম এবং বেড়ে ওঠা।

নিজের ছেলের এই মহৎ উদ্যোগ সম্পর্কে মিসরের স্থানীয় সংবাদমাধ্যম আল-মাসরি আল-ইয়মকে সালাহর বাবা ঘালি জানান, কোভিড-১৯ রোগের প্রাদুর্ভাবে নিজ গ্রামের স্বাস্থ্য ও নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন তাঁর ছেলে। এ কারণে গ্রামটি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ব্যবস্থা করা হয়েছে এবং সবাইকে মাস্ক বিতরণ করা হয়েছে। পাশাপাশি সবাইকে ভিড় এড়িয়ে চলার জন্য অনুরোধ করা হয়েছে ।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর