‘‌আমাদের গবেষণাগারে মোটেও করোনা তৈরি হয়নি’‌: উহানের বিজ্ঞানী

প্রাণঘাতী করোনা ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্য আগেই চীনকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে আমেরিকা সহ বড় রাষ্ট্রগুলো। এবার অভিযোগ উঠেছে করোনা ভাইরাসের আঁতুড়ঘর, চীনের উহানে বিশেষভাবে সুরক্ষিত একটা জৈব গবেষণাগারেই তৈরি হওয়া ওই ভাইরাসকে ইচ্ছা করে ছড়িয়ে দেওয়া হয়েছিল।

উহান ইন্সটিটিউট অফ ভাইরোলজি বরাবরই ভাইরাস এবং ব্যাক্টেরিয়া নিয়ে গবেষণা চালানোর জন্য পরিচিত। আর ওই ইন্সটিটিউটের বিশেষভাবে সুরক্ষিত পি৪ গবেষণাগারে মারাত্মক ভাইরাস নিয়েই গবেষণা চলে। অভিযোগ, ষড়যন্ত্র করেই ওই পি৪ ল্যাব থেকে কোভিড–১৯–কে ছড়িয়ে দেওয়া হয়েছিল যার সংক্রমণ দ্রুত চীন ছাড়িয়ে গ্রাস করে নেয় প্রায় তামাম বিশ্বকে। মার্কিন স্বরাষ্ট্রসচিব মাইক পম্পেও চলতি সপ্তাহেই বলেছেন, কীভাবে উহান থেকে সারা বিশ্বে ছড়িয়ে পড়ল ওই ভাইরাস তা নিয়ে পূর্ণ তদন্ত করতে হবে।

সব অভিযোগ উড়িয়ে দিয়ে স্থানীয় সময় শনিবার বিকেলে পি৪ গবেষণাগারের ডিরেক্টর ইউয়ান ঝিমিং–এর দাবি, ওই ভাইরাস মোটেও তাঁদের থেকে ছড়ায়নি। কারণ হিসেবে ঝিমিং বলেছেন, ‘‌আমরা যারা ভাইরাস নিয়ে গবেষণা করি তারা জানি কীধরনের গবেষণা চলছে ইন্সটিটিউটে এবং সেই নমুনা কীভাবে সুরক্ষিত রাখতে হয়। আমাদের কোনও কর্মী তো আক্রান্ত হননি।

উল্টে প্রায় পুরো ইন্সটিটিউটই এখন করোনাভাইরাস নিয়েই পরীক্ষানিরীক্ষা করছে।’‌ তাঁর অভিযোগ, মিথ্যা খবর ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। চীনের বিজ্ঞানীরা অবশ্য প্রথম থেকেই দাবি করে আসছেন, উহানের বন্যপ্রাণীর মাংসবাজার থেকেই এই ভাইরাস ছড়িয়েছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর