রাজবাড়ির পাংশা উপজেলায় এক ইউপি চেয়ারম্যানের গোডাউন থেকে ১৩৪ বস্তা সরকারি চাল ও বিএডিসি’র ১৩৫ প্যাকেট পাটের বীজ উদ্ধার করেছে পুলিশ। এসময় আব্দুর রাজ্জাক শাহ নামে একজনকে আটক করা হয়।
ওই গোডাউনের মালিক উপজেলার যশাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সিদ্দিকুর রহমান।
আটককৃত ব্যক্তি পৌর শহরের চরমৌদিপুর গ্রামের মৃত আব্দুর রহমান শাহ’র ছেলে।
জব্দকৃত চাল সম্পর্কে যশাই ইউনিয়ন চেয়ারম্যান অধ্যাপক সিদ্দিকুর রহমান মুঠোফোনে বলেন, আমার গুদামে যে চাল ছিল তা কাবিখার চাল। করোনা ভাইরাসের কারণে কাজ বন্ধ থাকায় শ্রমিকদের চাল দেয়া হয়নি। তাই ঐ চাল গুদামে মজুত রাখা হয়েছিল।
এঘটনায় তাৎক্ষণিক উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) মোঃ লাবীব আব্দুল্লাহ ও সহকারী কমিশনার (ভূমি) নুজহাত তাসনীম আওন ঘটনাস্থল পরিদর্শন করেন।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব চাল উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা করা হয়েছে বলেও তিনি জানান।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে সরকারি বিধি মোতাবেক এ ঘটনায় তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।তিনি আরও বলেন, সরকারি চাল কোন ব্যক্তিগত গুদামে রাখার বৈধতা নেই।
বার্তা বাজার / ডাব্লিও.এস