ঢাকার সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে ১০ টাকা কেজি দরের ১০ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় আশুলিয়ার নলাম ঘোড়াপীর মাজার এলাকায় আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ অভিযান চালিয়ে পরিত্যক্ত একটি গোডাউন থেকে চালের ওই বস্তাগুলো উদ্ধার করেন। এসময় তিনি ওএমএসের ডিলার রশিদকে ১০ হাজার টাকা জরিমানা করেন।
গণমাধ্যমকে এব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি পরিত্যক্ত গোডাউন থেকে ১০ টাকা কেজি দরের ১০ বস্তা চাল উদ্ধার করি। এই চালের বস্তাগুলোর ব্যাপারে ডিলার রশিদ কোন সদুত্তর না দিতে পারায় তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও জানান, কিভাবে চালের বস্তাগুলো ওই পরিত্যক্ত গোডাউনে আসলো তা খতিয়ে দেখা হচ্ছে। যদি এ ব্যাপারে ডিলারের কোন সংশ্লিষ্টতা পাওয়া যায় তাহলে তার লাইসেন্স বাতিল করা হবে বলেও জানান তিনি।
কেএ/বার্তাবাজার