জনপ্রিয় অনলাইন পোর্টাল বার্তা বাজারে সংবাদ প্রকাশের পর ঢাকার কল্যাণপুরের ‘চাইল্ড এন্ড ওল্ড এইজ কেয়ার এর আশ্রয়কৃত ৭২ জন বৃদ্ধ বাবা, মা ও শিশুদের খাবারের ব্যবস্থা করেছে সরকারি সংস্থা সহ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান। রবিবার (১৯ এপ্রিল) বিষয়টি জানান চাইল্ড এন্ড ওল্ড এইজ কেয়ার প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা, প্রধান নির্বাহী ও তত্ত্বাবধানকারী মিলটন সমাদ্দার।

উল্লেখ্য, গত ১৪ এপ্রিল বার্তা বাজার ডট কম অনলাইন পোর্টালে ‘ভালো নেই অভিভাবকহীন বৃদ্ধ, বৃদ্ধা ও প্রতিবন্ধী শিশুরা’ (http://bartabazar.com/archives/154884) শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিলো। সংবাদ প্রকাশের পরে আকিজ গ্রুপ, সমাজ সেবা অধিদপ্তর সহ কয়েকটি বেসরকারী সংস্থা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের এই আশ্রমের প্রতি কিছু শুভাকাঙ্খীগণ এই প্রতিষ্ঠানে আশ্রয় নেয়া অসহায় বৃদ্ধ, বৃদ্ধা ও প্রতিবন্ধী শিশুদের সাহায্যে এগিয়ে আসেন।

এব্যাপারে, চাইল্ড এন্ড ওল্ড এইজ কেয়ার প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা, প্রধান নির্বাহী ও তত্ত্বাবধানকারী মিলটন সমাদ্দার বলেন, অনলাইন পোর্টাল বার্তা বাজারে সংবাদটি প্রকাশ হওয়ার পরে চাইল্ড এন্ড ওল্ড এইজ কেয়ার এর আশ্রয়কৃত ৭২ জন বৃদ্ধ বাবা, মা ও শিশুদের খাবারের ব্যবস্থা হয়েছে।
এদের মধ্যে বিদ্যানন্দ ফাউন্ডেশন দু’বেলা খাবারের ব্যবস্থা করেছেন, আকিজ গ্রুপ এর ম্যানেজিং ডিরেক্টর শেখ বশির উদ্দিন এক মাসের তালিকা অনুযায়ী সম্পুর্ন খাদ্য দ্রব্য প্রদান করেছেন, ডেকো গ্রুপ ২৫০ কেজি চাল এবং ২৫ কেজি ডাল প্রদান করেছেন, সমাজ সেবা অধিদপ্তর থেকে সমাজসেবা অফিসার্স সংগঠন “সমাজসেবা অফিসার্স এসোসিয়েশন ২০১৯ ব্যাচের” নিজস্ব তহবিল থেকে ৬০০কেজি চাল, ৫০ কেজি ডাল, চিনি ৫০ কেজি, তেল ৫০ লিটার, হুইল পাউডার ৫০ কেজি প্রদান করেছেন, ঢাকা উত্তর মিরপুর ৪ নং সিটি কর্পোরেশন জোন ৮০ প্যাকেট খাদ্য দ্রব্য (চাল, ডাল, তেল, লবন, সাবান, আলু, আটা) প্রদান করেছেন, আমেরিকান অ্যাসোসিয়েশন অফ কমপ্লায়েন্স এক মাসের ট্রয়লেট্রিস সামগ্রী সহ চাইল্ড এন্ড ওল্ড এইজ কেয়ার এর ফেইসবুক পেইজের শুভাকাঙ্ক্ষীগন নগদ অর্থ ৫৪ হাজার টাকা (মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে) পাঠিয়েছেন। একই সাথে আরও কিছু প্রতিষ্ঠান ও ব্যক্তি সহযোগিতা করার ইচ্ছা প্রকাশ করেছেন।

মিল্টন সমাদ্দার সকল সহযোগিতাকারী প্রতিষ্ঠান ও ব্যক্তিকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, সকলের সহযোগিতায় ভালো থাকবে অভিভাবহীন এবং ঠিকানাহীন অসুস্থ প্রতিবন্ধী শিশু ও বৃদ্ধ বাবা মায়েরা।
প্রসঙ্গত উল্লেখ্য, চাইল্ড এন্ড ওল্ড এইজ কেয়ার (বৃদ্ধ বৃদ্ধা ও প্রতিবন্ধী শিশু আশ্রয় কেন্দ্র) বৃদ্ধাশ্রমটি প্রতিষ্ঠিত হয় ২০১৪ সালের ২১ অক্টোবর। মিল্টন সমাদ্দার এর প্রতিষ্ঠাতা যিনি পেশায় একজন নার্স। তিনি একাধারে চাইল্ড এন্ড ওল্ড এইজ কেয়ার প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা, প্রধান নির্বাহী ও তত্ত্বাবধানকারী।
তিনি সমাজের বিভিন্ন অসহায় বৃদ্ধ ও বৃদ্ধা মানুষগুলোর সেবা দানের নিমিত্তে এই প্রতিষ্ঠানটি পরিচালনার দায়িত্ব নিয়েছিলেন। একাজে তার স্ত্রী প্রতিষ্ঠানটির তত্ত্বাবধানে তাকে সর্বাত্মক সহযোগিতা করে আসছেন। এই প্রতিষ্ঠানের মাধ্যমে দীর্ঘ ৬ বছর যাবত মিল্টন সমাদ্দার অসহায়, অসুস্থ বৃদ্ধ/বৃদ্ধা ব্যক্তিদের সেবা/পরিচর্যা প্রদান করছেন।

কেএ/বার্তাবাজার