মানবদেহে সরাসরি জীবাণুনাশক ছিটানোর ক্ষতির ব্যাপারে সতর্ক করে এ ধরনের কাজ বন্ধ করতে বলেছে স্বাস্থ্য অধিদফতর। ইতোমধ্যে অধিদফতর থেকে সব জেলার সিভিল সার্জনকে নির্দেশনা প্রদান করা হয়েছে।
গত ১৬ এপ্রিল অধিদফতরের পরিচালক রোগ নিয়ন্ত্রণ ও লাইন ডিরেক্টর (সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ) অধ্যাপক ডা. শাহনিলা ফেরদৌসী স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেয়া হয়।
স্বাস্থ্য অধিদফতরের ওই চিঠিতে বলা হয়, বিভিন্ন জাতীয় পত্র-পত্রিকায় সরাসরি মানবদেহে জীবাণুনাশক ছড়ানোর ছবিসহ প্রতিবেদন প্রকাশিত হচ্ছে। বিভিন্ন সূত্রে জানা গেছে উক্ত কাজে জীবাণুনাশক হিসেবে ব্লিচিং পাউডার (হাইপোক্লোরাইড) এর দ্রবণ ব্যবহার করা হচ্ছে। যা মানব দেহের উন্মুক্ত বহিরঙ্গসহ চোখ মুখের জন্য ক্ষতিকর। এভাবে জীবাণুনাশক ছিটানো বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী বিধিবদ্ধ নয়। স্বাস্থ্য অধিদফতর বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুসরণ করে। এমতাবস্থায় এ ধরনের কার্যক্রম বন্ধের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করা হলো।
বার্তা বাজার / ডাব্লিও.এস