এবার করোনায় মৃত্যু হওয়া আ. লীগ নেতার জানাযায় হাজার হাজার মানুষের ঢল

বরগুনায় করোনায় আক্রান্ত হয়ে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। মৃত্যুর পর ওই আওয়ামী লীগ নেতার জানাযায় কয়েক হাজার মানুষের সমাগম হয়েছে।

বরগুনার তালতলী উপজেলার ওই আওয়ামী লীগ নেতার বাড়ি লকডাউনের নির্দেশ থাকলেও তা উপেক্ষা করে মৃতদেহ দেখতে শত শত মানুষ ভিড় জমান। পরে এই নেতার জানাজায় অংশ নেন কয়েক হাজার মানুষ। যেখানে জেলা ও উপজেলা পর্যায়ের নেতারাও উপস্থিত ছিলেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক এলাকাবাসী বলেন, ওই আওয়ামী লীগ নেতা তালতলী উপজেলার সাবেক চেয়ারম্যান। তিনি অনেক জনপ্রিয় ছিলেন। মৃত্যুর পর তার নমুনা প্রতিবেদন না আসা পর্যন্ত বাড়ি লকডাউনের নির্দেশ দেন জেলা প্রশাসন। অথচ সেই লকডাউন উপেক্ষা করে মৃতদেহ দেখতে সেখানে ভিড় করে শত শত মানুষ। এমনকি হাজারো মানুষের উপস্থিতিতে সেখানে অনুষ্ঠিত হয় মরহুমের জানজার নামাজ। এতে উপস্থিত জনতার করোনায় আক্রান্তের ঝুঁকি রয়েছে।

জেলা সিভিল সার্জন ডা. হুমায়ূন শাহিন খান জানান, মৃত্যুর পর ওই নেতার নমুনা সংগ্রহ করে ঢাকার মহাখালীর ইনস্টিটিউট অব ডেভেলপিং সাইন্স অ্যান্ড হেলথ ইনিশিয়েটিভ’এ পাঠানো হয়েছিল। ইতোমধ্যে সে রিপোর্ট আমাদের হাতে এসে পৌঁছেছে। তিনি করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন বলে রিপোর্টে পাওয়া গেছে।’

আমতলী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরা পারভিন বলেন, ‘আমরা চেষ্টা করেছি লকডাউন কার্যকর করতে। তারপরও বেশ কিছু লোকজন হয়েছে। সীমিত আকারে জানাজা হয়েছে। এখন আমরা পুরো উপজেলা লকডাউন করে দিয়েছি।’

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর