বীরগঞ্জ থানার পুলিশ সদস্যরা এক মাসের রেশন দিলেন কর্মহীন মানুষের মাঝে

বীরগঞ্জ থানা পুলিশ সদস্যদের উদ্যোগে করোনায় ক্ষতিগ্রস্থ সাড়ে ৪০০ পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। থানায় কর্মরত ৬০ জন পুলিশ সদস্যদের এক মাসের রেশন সুবিধা দিয়ে এই খাদ্য সহায়তা প্রদান করা হয়।

রবিবার দুপুরে দিনাজপুরের বীরগঞ্জ থানা মাঠে এসব পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর-১ আসনের এমপি মনোরঞ্জন শীল গোপাল, অতিরিক্ত পুলিশ সুপার (বীরগঞ্জ সার্কেল) ওয়ারেস আহমেদ, বীরগঞ্জ থানার অফিসান ইনচার্জ (ওসি) আব্দুল মতিন প্রধানসহ থানায় কর্মরত পুলিশ সদস্যরা।

পুলিশের এরকম উদ্যোগের কথা জানিয়ে দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেন,‘নিজেদের এক মাসের রেশন (বাড়ির খাওয়ার) সাড়ে ৪’শ পরিবারের মধ্যে বিতরণ করে আবারও প্রমাণ করে দিল যে সত্যিকার অর্থেই পুলিশ জনগণের বন্ধু। এ দৃষ্টান্ত নিঃসন্দেহে পুলিশের ভাবমূর্তিকে অনেক বেশি উজ্জ্বল করলো। আইন-শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে যথাযথ দায়িত্ব পালনের পরেও সামাজিক ক্ষেত্রে যে দায়িত্ব পুলিশ পালন করল, আমার বিশ্বাস এটি নিঃসন্দেহে সাধারণ মানুষের কাছে অত্যন্ত স্মরণীয় হয়ে থাকবে।’

অতিরিক্ত পুলিশ সুপার (বীরগঞ্জ সার্কেল) ওয়ারেস আহমেদ বলেন, ‘দিনাজপুরের পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন বিপিএম.পিপিএম (বার) এর পরামর্শক্রমে থানার ৬০ জন পুলিশ সদস্যের গত মার্চ মাসের রেশন থেকে এই উপজেলার হঠাৎ কর্মহীন হয়ে পড়া সাড়ে ৪০০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা দেয়া হয়। এতে প্রত্যেক পরিবার পাবে ৫ কেজি চাল, ৩ কেজি আলু ১ কেজি লবণ। থানায় সামাজিক দূরত্ব বজায় রেখে সুশৃঙ্খলভাবে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।’

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মতিন প্রধান বলেন, ‘আজকে আমরা যাদের সহায়তা করলাম তারা প্রকৃতপক্ষেই নিত্যদিন কর্মহীন হয়ে পড়েছে। করোনা ভাইরাহ সংক্রমণে মানব জীবন যখন থমকে যাচ্ছে, তখন ওদের জীবনও অচল হয়ে পড়েছে। এই মানুষগুলোর পাশেও আমাদের দাড়াঁতে হবে। আমাদের সরকারিভাবে খাদ্য সহায়তা প্রদান করার কোন সুযোগ নেই। তাই এর আগেও আমরা একদিনের বেতন এবং আজকে (রবিবার) থানার সকল পুলিশ সদস্যদের এক মাসের রেশন কর্মহীন মানুষের মাঝে বিলিয়ে দিয়েছি।’

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর