কিশোরগঞ্জের ভৈরবে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হীমাদ্রী খীসা। দেশে তিনিই প্রথম এসিল্যান্ড, যিনি করোনায় আক্রান্ত হলেন।
শনিবার (১৮ এপ্রিল) রাত ৮টায় নতুন করে ভৈরবের ১১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে এসিল্যান্ড হীমাদ্রী খীসাসহ মোট ৫ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়। এই নিয়ে ভৈরবে এখন পর্যন্ত ১৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি ও ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানা বিষয়টি নিশ্চিত করেছেন।
লুবনা ফারজানা জানান, করোনাভাইরাসের বিস্তার প্রতিরোধে প্রথম থেকেই বিভিন্নভাবে ভৈরবের মানুষকে সচেতন করে আসছে উপজেলা প্রশাসন। তিনিসহ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হীমাদ্রী খীসা প্রতিনিয়ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মানুষকে ঘরমুখি করার চেষ্টা করেছেন। শেষমেশ দায়িত্ব পালন করতে গিয়ে করোনায় আক্রান্ত হন হীমাদ্রী খীসা।
এ ছাড়াও পূর্বে আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শে আসা আরও চারজনের করোনা শনাক্ত হয়েছে বলেও জানান করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি।
বার্তাবাজার/এমকে