পটুয়াখালী জেলাকে লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। রোববার (১৯ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
জেলা প্রশাসক মো মতিউল ইসলাম চৌধুরী বলেন, ১৬ এপ্রিল স্বাস্থ্য অধিদপ্তরের মহা পরিচালক সমগ্র বাংলাদেশকে সংক্রমণের ঝুকিপূর্ণ এলাকা ঘোষণা করায়, পটুয়াখালীর পার্শ্ববর্তী বরিশাল এবং বরগুনা জেলায় করোনা পরিস্থিতির প্রকোপ বৃদ্ধি পেয়েছে। আজ জেলা করোনাভাইরাস সংক্রমণ ও প্রতিরোধসহ সার্বিক ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্তের প্রেক্ষিতে পটুয়াখালী জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে।
তিনি আরও বলেন, অবরুদ্ধকালীন সময়ে জেলার সড়ক , নৌ ও আকাশ পথে জনসাধারণের আগমন-বহিগমন নিষিদ্ধ করা হলো। জেলার অভ্যন্তরে আন্ত:উপজেলা যাতায়াতের ক্ষেত্রেও একইরুপ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। সকল ধরনের গণপরিবহন, জনসমাগম নিষিদ্ধ করা হলো। তবে জরুরি পরিসেবা, চিকিৎসা সেবা, কৃষি পন্য, খাদ্য সরবরাহ ও সংগ্রহ , বিদ্যুৎ, গ্যাস, ফায়ারসার্ভিস, টেলিফোন, ইন্টারনেট , ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, ঔষধ শিল্প সংশ্লিষ্ট যানবাহন, কর্মী ইত্যাদি সরকার কতৃক সময়ে ঘোষিত অন্যান্য জরুরি পরিসেবা এর আওতা বহিভূত থাকবে। (১৯ এপ্রিল) সন্ধ্যা থেকে এ আদেশ কার্যকর হবে এবং পরর্বতী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনআনুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বার্তা বাজার/এম.সি