দেশে গত ২৪ ঘন্টায় প্রাণঘাতী করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছে ৩১২ জন। এদিন এ ভাইরাসে মৃত্যু হয়েছে ০৭ জনের। দেশে এ পর্যন্ত মোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪৫৬ জনে। মোট মৃত্যু হয়েছে ৯১ জনের। গত ২৪ ঘন্টায় নতুন করে সুস্থ হয়েছেন ০৯ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ হয়েছেন ৭৫জন।
রবিবার (১৯ এপ্রিল) নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা, তার সাথে ছিলেন অধিদফতরের এমআইএস পরিচালক ডা. হাবিবুর রহমান খান। নিজের বাসা থেকে এতে সংযুক্ত হয়ে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
জাহিদ মালেক জানান, গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে আরও ৩১২ জনের শরীরে করোনা সনাক্ত করা হয়েছে। ২৪ ঘন্টায় নতুন করে সুস্থ হয়েছেন ০৯ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৭৫ জন। এছাড়া আজ পরীক্ষা করা হয়েছে ২৬৩৪ জনের। ভেন্টিলেটর দেয়া ৯ জনের ৮ জনই মৃত্যু বরণ করেছে।
ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে করোনা রোগীরা সারা দেশে ছড়িয়ে পড়ছেন উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, ‘করোনা পরিস্থিতি জানার জন্য আমরা প্রতিনিয়ত বিভিন্ন জেলার সঙ্গে কথা বলে থাকি। জানতে পারি, সেসব এলাকায় যত করোনা রোগী পাওয়া গেছে সবই ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে গিয়েছে। এরাই মূলত সারা দেশে ছড়িয়ে দিয়েছে করোনাভাইরাস। এখনও এই কাজটি করছে। এ বিষয়ে প্রশাসনের বিশেষ পদক্ষেপ প্রয়োজন।
ডা. নাসিমা সুলতানা জানান, মোট ০৭ জন মৃতের ৩ জন ঢাকাতে এবং ৪ জনই নারায়ণগঞ্জে মৃত্যুবরণ করেন।
এর আগে, গতকাল শনিবার দেশে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৩০৬ জন। মৃত্যু হয়েছে ০৯ জনের। এদিন সুস্থ হয়েছেন ৮ জন।
বার্তাবাজার/এমকে