চলমান করোনা পরিস্থিতিতে রংপুরের কাউনিয়ায় মাত্র আড়াই টাকা করে বিক্রি করা হচ্ছে প্রতি কেজি মরিচ। কৃষকরা এমন দাম নিয়ে পড়েছেন বিপদে। তাদের মোট খরচের টাকার চেয়ে বেশীগুন ক্ষতি হচ্ছে এতে।
জানা যায়, টাকার অভাবে পড়ে কৃষকরা প্রতি মণ মরিচ মাত্র ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি করছেন। গত কয়েক সপ্তাহ আগেও যার দাম ছিল ৮০০ থেকে ১ হাজ্র টাকা। কৃষকেরা এই অবস্থায় মরিচ সংরক্ষণের জন্য তাদের এলাকায় হিমাগার স্থাপনের দাবী জানাচ্ছেন।
এলাকার কৃষকরা জানায়, এ বছর মরিচের বাম্পার ফলন হয়েছিল। কিন্তু করোনার কারণে মরিচগুলো বাইরের জেলায় পাঠাতে না পেরে বাধ্য হয়ে তাদেরকে এত কম দামে বিক্রি করতে হচ্ছে।
কাউনিয়া উপজেলা কৃষি বিভাগ জানায়, আগের বছরের চেয়ে চলতি বছর ৮৫ হেক্টর বেশি জমিতে মরিচের আবাদ হয়েছে। চলতি মৌসুমে এ উপজেলায় মরিচ চাষের লক্ষ্য মাত্রা ছিলো ৩’শ ২৫ হেক্টর কিন্তু চাষ হয়েছে ৪’শ ২০ হেক্টর জমিতে। গত বছর মরিচের চাষ হয়ে ছিলো ৩’শ ২০ হেক্টর জমিতে।
উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল আলম জানান, আবহাওয়া অনুকূলে থাকায় এবং পরিশোধীত বীজ, প্রয়োজনীয় সার-কীটনাশক পাওয়ায় চলতি মৌসুমে মরিচের বাম্পার ফলন হয়েছে।
বার্তাবাজার/এসজে