৬৭ বস্তা সরকারি চালসহ ইউনিয়ন আ’লীগ সভাপতি আটক

সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজির ৬৭ বস্তা চালসহ আটক করা হয়েছে এক ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতিকে। শমিনার (১৮ এপ্রিল) রাতে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পাকড়ি ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটককৃত আলাল উদ্দিন স্বপন পাকড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চালের ডিলার।

গোদাগাড়ীর ইউএনও নাজমুল ইসলাম সরকার বলেন, দুস্থদের জন্য দেয়া স্বল্পমূল্যের চালের ডিলার আলাল উদ্দিন স্বপন ১৫ মেট্রিক টন চাল বরাদ্দ পান। রেজিস্ট্রারে তিনি দেখিয়েছেন মাথাপিছু পাঁচ কেজি করে ৪৯২ জনকে ১০ টাকা দরে চাল দেয়া হয়েছে।

তিনি আরও বলেন, অভিযোগ পাওয়া যায় প্রায় ২০০ ব্যাক্তির কার্ড কেড়ে নিয়েছেন এই ডিলার। এছাড়া আরও কিছু জালিয়াতির প্রমাণ মিলেছে। এসব অভিযোগের প্রেক্ষিতে তার বাড়িতে অভিযান চালিয়ে লুকিয়ে রাখা ৬৭ বস্তা চাল পাওয়া যায়। প্রতি বস্তায় ছিল ৫০ কেজি করে। পরে আওয়ামী লীগ নেতা ও ডিলার আলাল উদ্দিন স্বপনকে আটক করা হয়।

ইউএনও জানান, বরাদ্দ পাওয়া চাল ডিলারের গুদামে থাকার কথা। গুদামের সামনে থাকার কথা সাইনবোর্ড। কিন্তু কিছুই নেই। চাল ছিল বাড়িতে। তার বাড়িতে প্রায় শতাধিক ব্যক্তির কার্ড পাওয়া গেছে।

এদিকে ডিলার আলাল উদ্দিন স্বপন চাল আত্মসাতের বিষয়টা স্বীকার করে জানান, এক নেতার নির্দেশেই তিনি এটা করেছিলেন।

গোদাগাড়ী থানার ওসি খায়রুল ইসলাম জানান, জিজ্ঞাসাবাদে ঘটনার দায় স্বীকার করেছেন আওয়ামী লীগ নেতা আলাল উদ্দিন স্বপন। রাতেই তার বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় নিয়মিত মামলা করা হয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর