মাস্ক না পরায় বাবার হাতে ছেলে খুন!

ভারতে মাস্ক না পড়ায় শীর্ষেন্দু (৪৫) নামে নিজের ছেলেকে খুন করেছেন ৭৮ বছরের এক বৃদ্ধ বাবা। বাবা বংশীধর মল্লিককে আটক করেছে পুলিশ।

শনিবার (১৮ এপ্রিল) ভারতের পশ্চিমবঙ্গের শ্যামপুকুরে এ ঘটনা ঘটে।

পুলিশের বরাত দিয়ে ভারতের সংবাদমাধ্যম এই সময় জানায়, শীর্ষেন্দু শারীরিক প্রতিবন্ধী ও মৃগী রোগী ছিলেন। প্রতিদিন বিকেলে ছেলেকে নিয়ে ঘুরতে বের হতেন বাবা বংশীধর মল্লিক।

শনিবার ঘুরতে বের হওয়ার সময় ছেলেকে মাস্ক পরতে বলেন। কিন্তু ছেলে কিছুতেই তা পরতে রাজি না হওয়ায় তিনি ছেলের গলায় কাপড় পেঁচিয়ে হত্যা করেন।

তিনি যখন ছেলেকে খুন করছেন, তখন তা দেখেও কিছুই করতে পারেননি মা। কারণ ১৮ বছর ধরে শয্যাশায়ী রয়েছেন ওই বৃদ্ধা মা। কথাও বলতে পারেন না। ফলে নিজের চোখের সামনেই স্বামীর হাতে ছেলেকে খুন হতে দেখলেও কিছুই করতে পারেননি তিনি।

পুলিশের জিজ্ঞাসাবাদে বংশীধর জানান, গত ১৮ বছর ধরে অসুস্থ স্ত্রী ও অসুস্থ ছেলেকে নিয়ে থাকতে থাকতে তিনি বিরক্ত হয়ে পড়েছিলেন। আর সে কারণেই এ ঘটনা ঘটিয়েছেন।

তদন্তকারী এক কর্মকর্তা বলেন, বেসরকারি সংস্থার অবসরপ্রাপ্ত কর্মী বংশীধরের কোনো মানসিক অবসাদের ইতিহাস এখনো পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে, অসুস্থ স্ত্রী, ছেলেকে নিয়ে দীর্ঘদিন থাকার অভিজ্ঞতার সঙ্গে করোনা পরিস্থিতি নিয়ে চিন্তিত ছিলেন তিনি। ছেলে মাস্ক না পরে বাইরে বের হলে যদি সংক্রমণ হয়, সেই চিন্তাও তাকে গ্রাস করেছিল।

এ ব্যাপারে কলকাতার গোয়েন্দা প্রধান মুলরিধর শর্মা জানান, ‘বাবা বলছেন মাস্ক পরা নিয়ে বাকবিতণ্ডার জেরে ছেলেকে খুন করেছেন তিনি। কিন্তু আসল কারণ তদন্ত করে দেখতে হবে।’

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর