সরকারি চাল চুরি্র সংবাদ প্রচার করায় অনলাইন নিউজ পোর্টাল বিডিনিউজ টুয়েন্টিফোর ডট কমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী ও জাগো নিউজ টুয়েন্টি ফো্র ডট কমের ভারপ্রাপ্ত সম্পাদক মহিউদ্দিন সরকারের নামে মামলা দায়ের করা হয়েছে। এই ২ সম্পাদক ছাড়াও আরও ২ জনকে আসামী করে ডিজিটাল নিরাপত্তা আইনে শনিবার (১৮ এপ্রিল) রাতে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি থানায় মামলাটি দায়ের করেন উপজেলা সেচ্ছাসেবক লীগ সভাপতি মোমিনুল ইসলাম ভাসানী।
মামলার এজাহার সূত্রে জানা যায়, সম্প্রতি ওই এলাকা থেকে সরকারের খাদ্য বান্ধব ১০ টাকা কেজির ৬৮ বস্তা চাল উদ্ধার করা হয়। উপজেলা খাদ্য কর্মকর্তা ৯ এপ্রিল এ বিষয়ে সংশ্লিষ্টদের নামে একটি মামলা করেন। কিন্তু মামলা করার একদিন আগে শাওন আমিন ও রহিম শুভ নামে দুই ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মোমিনুল ইসলাম ভাসানীকে চাউল চোর আখ্যায়িত করে পোস্ট দেয়।
তার একদিন পর জাগো নিউজ ও বিডি নিউজ সেচ্ছাসেবক লীগ নেতা ও তার ভাই স্থানীয় পলাশবাড়ি ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম আমিনকে জড়িয়ে চাল চুরির সংবাদ প্রকাশ করে। এতে করে মোমিনুল নিজের ও তার রাজনৈতিক দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলে অভিযোগ করেন।
এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুল হক প্রধান বলেন, ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের ৩১,২৯ ও ২৫ ধারায় মামলাটি রুজু করে এসআই রামবাবু রায়কে তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে।
বার্তাবাজার/এসজে