ভারতের রাজধানী দিল্লিতে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্ত। সেইসঙ্গে কন্টেনমেন্ট জোনের সংখ্যাও। এ বার একই পরিবারের ২৬ সদস্যের প্রত্যেকের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে।
শনিবার দিল্লির এক পরিবারের ২৬ সদস্যের করোনা সংক্রমণ ধরা পড়ার পরপরই গোটা এলাকা কন্টেনমেন্ট জোন ঘোষণা করা হয়। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানান, দিল্লির জাহাঙ্গীরপুরীতে থাকে পারিবারটি। প্রত্যেকের রিপোর্ট পজিটিভ আসার পরেই, সংক্রমণ ছড়ানোর আশঙ্কায় এলাকাটিকে কন্টেনমেন্ট জোন ঘোষণা করে, লোকজনের ঢোকা-বেরোনো বন্ধ করে দেওয়া হয়েছে। রাজধানী শহরে এই নিয়ে কন্টেনমেন্ট জোন বেড়ে দাঁড়াল ৭৬।
এক পরিবারের এই ২৬ সদস্য সহ শনিবার বিকেল পর্যন্ত দিল্লিতে করোনা আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ১,৭০৭। প্রাণঘাতী ভাইরাসে মৃত্যু হয়েছে ৪২ জনের।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে এদিন প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, রাজাধানীতে করোনা আক্রান্ত ৬২%-র সঙ্গে দিল্লির নিজামউদ্দিন মার্কাজের যোগ রয়েছে।
এদিকে, ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা শনিবার বেড়ে ১৪,৭৯২ দাঁড়িয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে ৪৮৮ জনের। শুক্রবার সন্ধ্যা থেকে এখনও পর্যন্ত দেশে এই মারণ ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন ৯৫৭ জন এবং ৩৬ জন প্রাণ হারিয়েছেন বলে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে।
যদিও সংবাদসংস্থা পিটিআইয়ের পরিসংখ্যান অনুসারে, শনিবার পর্যন্ত বিভিন্ন রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৪,৮৪৮। এর মধ্যে ৫০৩ জনের মৃত্যু হয়েছে বলে তাদের পরিসংখ্য়ানে উল্লেখ করা হয়েছে।
পুলিশ-সহ কোনও সরকারি আধিকারিক করোনা ডিউটিতে মারা গেলে, তাঁদের পরিবারকে ক্ষতিপূরণ বাবদ ১ কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
বার্তাবাজার/কে.জে.পি