রাজশাহীতে ৬৭ বস্তা চালসহ আলালউদ্দীন স্বপন নামে এক ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতিকে আটক করা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যার দিকে গোদাগাড়ীর পাকড়ি ইউনিয়নে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় ৬৭ বস্তা চাল উদ্ধার করা হয়।
আটককৃত আলালউদ্দীন স্বপন পাকড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওএমএস ডিলার। তবে তিনি একসময় যুবদল নেতা ছিলেন বলে জানা গেছে।
গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল ইসলাম সরকারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
জানা গেছে, আলাউদ্দীন স্বপনের গোয়ালপাড়াস্থ বাড়িতে থেকে চালগুলো উদ্ধার করে পুলিশ। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম সরকার বলেন, আলাউদ্দীন স্বপন তার লোকজন নিয়ে সরকারি খাদ্য বান্ধব কর্মসূচির চালের বস্তা পরিবর্তন করছিলেন। এ সময় তাকে হাতেনাতে আটক করা হয়।
উপজেলা খাদ্য কর্মকর্তা জামালউদ্দীন জানান, গত ৬ এপ্রিল আলাউদ্দীন স্বপন ওএমএস ডিলার হিসাবে কাকনহাট খাদ্য গুদাম থেকে ৩০ কেজি ওজনের ৫০০ বস্তা (১৫ মেট্রিকটন) চাল উত্তোলন করেন। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপস্থিতিতে ৭ এপ্রিল থেকে কার্ডধারী দরিদ্রদের মাঝে চালগুলো বিতরণ শুরু করেন। কিন্তু ৬৭ বস্তা চাল বিক্রি না করে রেখে দেন নিজের বাড়িতে।
দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা ও উপ-সহকারী কৃষি অফিসার জালালউদ্দীন দেওয়ান বলেন, ১৬ এপ্রিল ওএমএস ডিলার আলাউদ্দীন স্বপন মোবাইল ফোনে জানান, ৪৯২ জনকে চাল দেয়া হয়েছে। আর ৮ বস্তা চাল তার গুদামে রয়েছে।
পাকড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাকিব সরকার বলেন, খাদ্য বান্ধব কর্মসূচির চাল একজন প্রতি মাসে ৩০ কেজি করে ১০ টাকা দামে পাবেন। ওএমএস ডিলার আলাউদাদীন স্বপনের কাছ থেকে ৫০০ জন অতিদারিদ্র মানুষ চাল পাবে। কিন্তু দরিদ্রদের মাঝে চাল না দিয়ে কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে বাড়িতে মজুত রাখে আওয়ামী লীগ নেতা আলাউদ্দীন স্বপন।
গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম বলেন, আলাউদ্দীন স্বপনকে আটক করে তার কাগজ পত্র যাচাই করা হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল ইসলাম সরকার বলেন, তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।
স্থানীয় আওয়ামীলীগ নেতা কর্মীরা জানান, ২০১২ সালের দিকে আলাউদ্দীন স্বপন স্থানীয় আওয়ামী লীগে যোগদান করেন। এর আগে তিনি উপজেলা যুবদলের সভাপতি ছিলেন।
বার্তা বাজার / ডাব্লিও.এস