ভারতীয় নৌবাহিনীর ২০ জন করোনায় আক্রান্ত

প্রাণঘাতী করোনাভাইরাস এবার থাবা বসিয়েছে ভারতীয় নৌঘাটিতে। মুম্বাইয়ে শহরের নৌঘাটিতে দেশটির অন্তত ২০ জন নৌসেনার শরীরে করোনাভাইরাসের উপস্থিতি মিলেছে। মুম্বাইয়ে নৌবাহিনীর একটি হাসপাতালে তাদেরকে কোয়ারেন্টাইন করা হয়েছে।

তবে সাবমেরিনে অবস্থান করা কোনো নাবিকের শরীরে এখনো করোনা শনাক্ত হয়নি বলে দেশটির নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, এই প্রথম ভারতীয় নৌবাহিনীতে করোনা সংক্রমণের খবর পাওয়া গেল। এই করোনা আক্রান্ত নাবিকদের সংস্পর্শে কারা কারা এসেছেন, তা জানতে ব্যাপকভাবে খোঁজ চলছে।

ওয়েস্টার্ন ন্যাভাল কম্যান্ডের সমুদ্র তীরবর্তী ডিপো আইএনএস আঙ্গরিতে নৌবাহিনীর জন্য নির্দিষ্ট আবাসনে থাকেন এই নাবিকরা। নিজের কাজের জন্য গত কয়েকদিন আক্রান্ত নাবিকরা নৌঘাঁটির মধ্যে বিভিন্ন স্থানে গিয়েছেন। এর ফলে আরও কেউ আক্রান্ত হয়েছেন কিনা, তা জানতে খোঁজ চলছে। ভারতীয় সেনাবাহিনীতে ইতোমধ্যেই ৮ জনের শরীরে করোনাভাইরাসের খোঁজ মিলেছে।

মুম্বাইয়ের ন্যাভাল ডকইয়ার্ডে যুদ্ধজাহাজ এবং সাবমেরিন থাকে। আইএনএস আঙ্গরি থেকে মাত্র কয়েকশ’ মিটার দূরে এগুলোর অবস্থান। আইএনএস আঙ্গরি ন্যাভাল ব্যারাক হিসেবেও পরিচিত। এখানে সংক্রমণের খোঁজ মেলায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ।।এনডিটিভি।।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর