করোনা ভাইরাস (কোভিড-১৯) এর সংক্রমনের ভয়াল থাবায় সারাদেশ আতংকিত। ইতোমধ্যে ঢাকার সাভারে ৫ জন করোনা ভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছেন এবং আজ (শনিবার) কাউন্দিয়ায় বসবাসরত এক বৃদ্ধ (৭৫) ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে মারা গেছেন। এরই ধারাবাহিকতায় শিল্পাঞ্চল আশুলিয়ায় সাধারণ মানুষকে এই ভাইরাসের প্রকোপ থেকে রক্ষায় মানবতাবাদী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের উদ্যোগে মেডিকেল ক্যাম্প গঠন করা হয়েছে।
গত বুধবার (১৫ এপ্রিল) বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সাইদুর রহমান সম্রাটের নির্দেশে এই মেডিকেল ক্যাম্প গঠন করা হয়। এর ধারাবাহিকতায় আজ (শনিবার) আশুলিয়া ইউনিয়নের হাটবাজার এলাকায় সাইদুর রহমান সম্রাটের নেতৃত্বে ক্যাম্পের অন্যান্য সদস্যগণ সাধারণ মানুষের মাঝে স্বাস্থ্য সচেতনতামূলক কার্যক্রম চালানোর পাশাপাশি তাদের মাঝে হ্যান্ড স্যানিটাইজার এবং পরিধানের মাস্ক বিতরণ করে।

এসময় উপস্থিত ছিলেন- ছাত্রলীগ নেতা আল ইমরান, ইয়াসিন আরাফাত পাপ্পু, শাহাদাত হোসেন, তাওহিদ মুন্সি, মিরাজ দেওয়ান, তানভীর ভূঁইয়া প্রমুখ সহ অন্যরা।
গণমাধ্যমকে সাইদুর রহমান সম্রাট বলেন, নির্দিষ্ট সামাজিক দূরত্ব বজায় রেখে এই মেডিকেল ক্যাম্পের মাধ্যমে এই বাজারে আসা সকলকে করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ প্রদান করা হচ্ছে। এছাড়া, আমাদের একটা টিম এখানে বাজার করতে আসা সকলের জন্য পরিধানের মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করছে।

তিনি আরও জানান, এই হাটবাজারে সব শ্রেণিপেশার মানুষ আসে। বিশেষকরে অনেক নিম্নবিত্ত এবং মধ্যবিত্তরা যাতে সুলভ এবং অপেক্ষাকৃত সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্য দ্রব্যাদি কিনতে পারেন এজন্য এই আশুলিয়া হাটবাজারের ইজারাদারকে তিনি এই হাটের যারা দোকানদার আছেন তাদের সকলের খাজনা মওকুফ করে দিতে অনুরোধ করলে তারা তা মওকুফ করে দিয়েছেন। যতদিন করোনা ভাইরাসের কারণে এমন পরিস্থিতি থাকবে ততদিনই এখানের কোনো ব্যবসায়ীকেই যেন খাজনা দিতে না হয় সে বিষয়টিও ইজারাদারকে লক্ষ্য রাখার পরামর্শ দেন তিনি।
কেএ/বার্তাবাজার