সাভারে করোনা আক্রান্ত বৃদ্ধের মৃত্যু

ঢাকার সাভারে করোনা ভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেন সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ও দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ নাজমুল হুদা মিঠু। মৃত ওই ব্যক্তি (৭৫) সর্বশেষ ঢাকার সাভারের কাউন্দিয়া এলাকায় বসবাস করে আসছিলেন।

এব্যাপারে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ নাজমুল হুদা মিঠু জানান, মৃত ওই বৃদ্ধ আসলে চাঁদপুরের বাসিন্দা। সম্প্রতি তিনি বিভিন্ন শারীরিক সমস্যা নিয়ে কাউন্দিয়া ইউনিয়নে তার মেয়ের বাসায় এসেছেন।

তার এ্যাজমা ছিলো এবং নতুন করে টিবি ধরা পড়ায় টিবির ট্রিটমেন্টে ছিলেন। গত ৫/৭ দিন আগে তিনি ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অর্থাৎ আইসোলেশনে ছিলেন। হাসপাতাল কর্তৃপক্ষ সেখান থেকেই তার নমুনা পরীক্ষার জন্য পাঠালে পরে তার করোনা পজেটিভ রেজাল্ট এসেছিলো। আজ (শনিবার) বিকাল সাড়ে চারটার দিকে তার অবস্থার অবনতি হয় এবং বিকাল পাঁচটার দিকে তিনি মারা যান।

তিনি আরও জানান, তার মরদেহ আঞ্জুমানে মফিদুল ইসলাম এর সহায়তায় ঢাকার খিলগাঁও কবরস্থানে দাফন করা হয়। এদিকে কাউন্দিয়ায় মৃতের বাড়িসহ পুরো এলাকা লকডাউন করা হয়েছে বলে জানান আমিনবাজার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হ্যাপি দাশ।

উল্লেখ্য, কাউন্দিয়ার আক্রান্ত ওই মৃত ব্যক্তি বাদেও ইতিপূর্বে সাভার থেকে ৪ জনের করোনা পজেটিভ রেজাল্ট এসেছিলো। আক্রান্ত ৪ জনেরই চিকিৎসা চলমান রয়েছে বলে জানা গেছে।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর