একাদশ জাতীয় সংসদের তিন সংসদীয় আসনের উপ-নির্বাচনে জয়ী তিনজন এমপি হিসেবে শপথ নিয়েছেন। শনিবার (১৮ এপ্রিল) বিকাল সাড়ে ৩টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদে তাদের শপথবাক্য পাঠ করান।
শপথ নেয়া নতুন তিন সাংসদ হলেন, ঢাকা-১০ আসনে জয়ী আওয়ামী লীগের মো. শফিউল ইসলাম মহিউদ্দিন, গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে জয়ী অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এবং বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনে অ্যাডভোকেট আমিরুল আলম মিলন।
এর আগে, গত ২১ মার্চ এসব আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে ঢাকা-১০ আসনে ইভিএমে ভোট হয়। অন্যদিকে, গাইবান্ধা-৩ ও বাগেরহাট-৪ আসনের উপ-নির্বাচন হয় ব্যালেটের মাধ্যমে।
স্বল্প পরিসরে শপথ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংসদের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান।
বার্তা বাজার / ডাব্লিও.এস