বিএনপি জনগণের পাশে না দাঁড়িয়ে দোষারোপের রাজনীতি করছে: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, করোনা পরিস্থিতিতে বিএনপি জনগণের পাশে না দাঁড়িয়ে দোষারোপের রাজনীতি করছে, কাদা ছোড়াছুড়ি করছে। এসময় পরামর্শ দেওয়ার নামে মানুষের মধ্যে বিভ্রান্তি না ছড়াতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার(১৮ এপ্রিল) তার বাসভবন থেকে এক অনলাইন সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

কাদের বলেন, ‘আওয়ামী লীগ এই দুর্যোগকালে সর্বোচ্চ সামর্থ্য নিয়ে জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছে। অথচ বিএনপি জনগণের পাশে না দাঁড়িয়ে দোষারোপের রাজনীতি করছে, কাদা ছোড়াছুড়ি করছে।’

মির্জা ফখরুলের টাস্কফোর্স গঠনের প্রস্তাব প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘এটা তার রাজনৈতিক প্রপাগান্ডা ছাড়া আর কিছু নয়। বিএনপির মহাসচিব আসলে কী চান, তিনি টাস্কফোর্স গঠনের নামে কী বুঝাতে চেয়েছেন তা স্পষ্ট নয়। তিনি প্রণোদনা প্যাকেজ নিয়ে বিরোধিতার জন্য বিরোধিতা করছেন। এটা থেকে তার রাজনৈতিক ফায়দা হাসিল করতে চান। কেননা এ প্যাকেজ সর্বমহলে প্রশংসিত হয়েছে। মির্জা ফখরুল এখন জাতীয় টাস্কফোর্সের কথা বলছেন, কিছুদিন পর জাতীয় সরকারের কথা বলবেন। এটা জনগণের দুর্দশা থেকে বিষয়টিকে রাজনীতিতে নিয়ে যাওয়ার অপচেষ্টা।’

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর