স্থানীয় এক মুক্তিযোদ্ধার বাড়িতে সিঁধ কেটে চুরি করতে গিয়ে জনতার হাতে আওয়ামী লীগ নেতার গণধোলাই খাওয়ার খবর পাওয়া গেছে। গত শুক্রবার (১৭ এপ্রিল) রাতে ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সহবতপুর ইউনিয়নের নন্দ পাড়া গ্রামে। চুরি করতে যাওয়া ওই আওয়ামী লীগ নেতার নাম শাহীন খান। তিনি ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সাবেক মেম্বার ও বর্তমান আওয়ামী লীগ সভাপতি।
একই এলাকার মৃত ছামু খানের ছেলে চোর ও আওয়ামী লীগ নেতা শাহীন খান মুক্তিযোদ্ধা হাশেম মিয়ার ঘরে সিঁদ কেটে চুরি করতে গিয়ে ধরা পড়েন বলে জানা গেছে। পরে উত্তেজিত জনতা তাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে দেয়।
জানা যায়, শাহীন খান একজন পেশাদার চোর। এর আগেও একাধিকবার ধরা পড়েছেন। গতবার ইউপি নির্বাচনে এলাকাবাসী তার চুরির উৎপাতের হাত থেকে রক্ষা পেতে তাকে ভট দিয়ে মেম্বার নির্বাচিত করার কিছুদিন পর্যন্ত চুরির কাজ বন্ধ ছিল। পরে আবার শুরু করে।
মুক্তিযোদ্ধা হাশেম মিয়ার বড় ছেলে ওসমান গণি জানান, শুক্রবার রাতে তিনি ধানের ক্ষেতে নলকূপ থেকে পানি দিয়ে বাড়িতে এসে টর্চের আলো জ্বালালে চোর শাহীনকে দৌড় মারতে দেখেন। পরে ডাক চিৎকার শুনে তাকে এলাকাবাসী এসে ধরে ফেলে। ধস্তাধস্তি করতে থাকলে এক পর্যায়ে ক্ষুদ্ধ গ্রামবাসী তাকে গাছের সাথে বেঁধে পিটিয়ে পুলিশের হাতে তোলে দেয়।
এ বিষয়ে নাগরপুর থানার এসআই নূর মোহাম্মদ জানান, একজনকে পিটিয়ে আহত করার খবর পেয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি ।তার অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বার্তাবাজার/এসজে