মাহামারি করোনায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন শাখায় দায়িত্বরত ২৭ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হওয়ার তথ্য পাওয়া গেছে। এ ছাড়া আরও শতাধিক পুলিশ সদস্যকে হোম ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে নেয়া হয়েছে।
ডিএমপির পুলিশ কর্মকর্তারা জানাচ্ছেন, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে সামাজিক দূরত্ব নিশ্চিত ও লকডাউন পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য পুলিশ সদস্যরা নিয়মিত টহল দিচ্ছেন। এছাড়াও বর্তমান পরিস্থিতিতে খুব ঝূঁকিপূর্ণ দায়িত্ব পালন করছেন পুলিশ। যথাযথ সুরক্ষা সামগ্রী না থাকায় নিজের অজান্তেই সাধারণ মানুষের সংস্পর্শে এসে তাঁদের মধ্যে এই সংক্রমণ হচ্ছে।
ডিএমপ সূত্রে আরও জানা যায়, বুধবার পর্যন্ত তাদের আওতাধীন ১২ জন পুলিশ সদস্য করোনায় সংক্রমিত হয়েছিলেন। এরপর শুক্রবার(১৭ এপ্রিল) পর্যন্ত আরও ১৫ জনের সংক্রমণের বিষয়টি জানা গেছে।
ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম বলেন, পুলিশের যে সদস্যরা আক্রান্ত হয়েছেন, তাঁরা সবাই বাইরে দায়িত্ব পালনে গিয়েছিলেন। অসাবধানতাবশত মানুষের কাছাকাছি চলে যাওয়ায় তাঁরা সংক্রমিত হয়েছেন বলে তাঁরা মনে করছেন।
করোনাভাইরাসে এখন পর্যন্ত ৫৮ জন পুলিশ সদস্য আক্রান্ত হওয়ার তথ্য পাওয়া গেছে। আক্রান্ত ৫৮ জনের মধ্যে ২৭ জন ডিএমপিতে, ১১ জন গোপালগঞ্জে, ৬ জন নারায়ণগঞ্জে, ৫ জন গাজীপুর মহানগর পুলিশে, ২ জন কিশোরগঞ্জে এবং ১ জন করে ময়মনসিংহ, নরসিংদী, চট্টগ্রাম মহানগর পুলিশ, পুলিশ টিঅ্যান্ডআইএম, এপিবিএন ময়মনসিংহ, নৌ–পুলিশ ইউনিট ও অ্যান্টি টেররিজম ইউনিটের সদস্য।
বার্তাবাজার/এসজে